পেকুয়ায় ছাত্রী ধর্ষণের ভিডিওচিত্র প্রকাশ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র বাজারে ছেড়েছে একটি চক্র। ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে মোবারক হোসেন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ছাড়া ভিডিওচিত্রটি বাজারজাত করার অভিযোগে স্থানীয় একটি দোকানে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়ার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী গত ২২ জুলাই সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। চৌমুহনী এলাকায় পৌঁছানোর পর মেয়েটিকে অপহরণ করেন সদর ইউনিয়নের সিকদারপাড়ার জাবেদ খানে আলম (২৩) ও সুতাবেপারী গ্রামের মোবারক হোসেন। তাঁরা মেয়েটিকে একটি অটোরিকশায় করে পাশের চকরিয়া উপজেলার মগবাজার এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তাঁরা মেয়েটিকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করেন। পরে তাঁরা মেয়েটিকে আরেকটি অটোরিকশায় তুলে দিয়ে আত্মগোপন করেন।মেয়েটির পারিবারিক সূত্র জানায়, লজ্জা ও ভয়ে মেয়েটি এত দিন বিষয়টি গোপন রাখে। কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটে জাবেদ ও মোবারক মেয়েটিকে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে তাঁরা মেয়েটির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তা না হলে ধর্ষণের ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দেন। টাকা দিতে না পারায় বখাটেরা গত ২৫ আগস্ট ধর্ষণের ভিডিওচিত্রটি বাজারে ছেড়ে দেন। পরে মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।ধর্ষণ ও এর দৃশ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেয়েটি গত ২৭ আগস্ট পেকুয়া থানায় জাবেদ ও মোবারকের বিরুদ্ধে মামলা করে। ওই দিন রাতেই মোবারককে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি জাবেদসহ ভিডিওচিত্রটি বাজারে ছাড়ার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ২৯ আগস্ট রাতে সানি মোবাইল হোম নামের একটি দোকানে অভিযান চালিয়ে ওই ভিডিওচিত্রসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। তবে দোকানের মালিক মো. রুবেলকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপন করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আনোয়ার বলেন, ছাত্রী ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।