পেকুয়ায় ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় ট্রাকের ধাক্কায় অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম সাইফুল ইসলাম (১৩)। সে মগনামা জাগরণ আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্র ছিল। সে মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকার শফিউল আলমের ছেলে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং পেকুয়া-মগনামা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযান চালিয়ে ট্রাকের চালক নাছির উদ্দিনকে (৩৫) আটক করে। নাছির উদ্দিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহত সাইফুলের পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে সাইফুল ইসলাম তাঁর বাইসাইকেলে চড়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে বাইন্যাঘোনা জামে মসজিদের সামনে পৌঁছালে চকরিয়া থেকে মগনামাগামী একটি ট্রাক পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাইফুল ইসলাম। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে ধাওয়া করলে ট্রাক ফেলে পালিয়ে যান চালক। তাঁরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন এবং পেকুয়া-মগনামা সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ট্রাকচালককে আটক করে পুলিশ।

ওসি বলেন, স্কুলছাত্রের লাশ উদ্ধার ও পুড়ে যাওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক নাছির উদ্দিনকে আটক করা হয়েছে।