পেকুয়ায় তিন কিলোমিটার বেড়িবাঁধ বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক জলোচ্ছ্বাসে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ঝুঁকির মুখে রয়েছে আরও ৩০ কিলোমিটার বাঁধ। এ ঘটনায় উপকূলের প্রায় দুই লাখ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এদিকে সাগরের প্লাবন ঠেকাতে উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের দুই শতাধিক লোক নিজেদের উদ্যোগে ভাঙা বাঁধ নির্মাণকাজে এগিয়ে এসেছেন। গত দুই দিনে তাঁরা প্রায় ২০০ মিটার বাঁধ তৈরি করেন। এ ব্যাপারে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ জানান, সাম্প্রতিক সামুদ্রিক জলোচ্ছ্বাস, পূর্ণিমার জোয়ার এবং প্রবল বর্ষণের কারণে মগনামা, উজানটিয়া, পেকুয়া, টৈটং ও বারবাকিয়া ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। সাত দিন ধরে এই ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ২০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে কয়েক শ বসতবাড়িসহ হাজার একরের ফসলি জমি ও চিংড়িঘের বিলীন হয়েছে। তাই লোকজন নিজ উদ্যোগে ভাঙা বাঁধ মেরামত করে সম্পদ রক্ষার চেষ্টা চালাচ্ছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মগনামা ইউনিয়নের কাকপাড়ায় গিয়ে দেখা গেছে, শতাধিক লোক পাশের জমি থেকে মাটি কেটে ভাঙা বেড়িবাঁধ মেরামত করছেন। স্থানীয় আবদুল কাদের (৪৫) জানান, ‘ভাঙা বাঁধ মেরামতের জন্য সরকারি বরাদ্দ আসতে কয়েক মাস সময় লাগবে। কিন্তু তত দিন বসে থাকলে শত শত ঘরবাড়ি সাগরে বিলীন হবে। তাই নিজেদের জীবন রক্ষায় নিজেরা বাঁধ নির্মাণে ঝাঁপিয়ে পড়েছি।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকজনের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করছেন। কাকপাড়ার কৃষক ছমিউদ্দিন, কফিল উদ্দিন ও রিদুয়ান আলী বলেন, ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করা না হলে কয়েক শ ঘরবাড়ি সাগরে তলিয়ে যাবে। মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল মোস্তফা বলেন, গত ২৪ জুন রাতে শরৎ ঘোনার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রামে লোনা পানি ঢুকে পড়ে। ভাঙা বাঁধ মেরামত করে জোয়ারের পানি ঠেকানো গেলেও বর্ষা নিয়ে হাজার হাজার মানুষ উদ্বিগ্ন। কারণ, বর্ষার উত্তাল ঢেউ এসব নড়বড়ে বাঁধ মুহূর্তে ভেঙে ফেলবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার তিন দিকে পাউবোর ১১৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কয়েকটি অংশে তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উজানটিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার, মগনামা ইউনিয়নের সাত কিলোমিটার, পেকুয়া ইউনিয়নের তিন কিলোমিটার, টৈটং ইউনিয়নের তিন কিলোমিটার, বারবাকিয়া ইউনিয়নের দুই কিলোমিটার ও রাজাখালী ইউনিয়নের চার কিলোমিটার বেড়িবাঁধ। এ ব্যাপারে পাউবোর পেকুয়া শাখা কর্মকর্তা (এসও) মিলন ভট্টাচার্য বলেন, ভাঙা বাঁধ মেরামতের জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন মহলে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ভাঙা বাঁধের নির্মাণকাজ শুরু হবে।