কক্সবাজারের পেকুয়া উপজেলায় বলি খেলায় জয়-পরাজয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিপেটা ও প্রায় ৩০টি গুলি ছুড়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পয়লা বৈশাখ উদ্যাপনে পেকুয়া কলেজ মাঠে উপজেলা প্রশাসন বলি খেলা ও বৈশাখী মেলার আয়োজন করে। ওই বলি খেলায় চকরিয়া উপজেলার কোনাখালীর জামাল বলি ও পেকুয়া উপজেলার বারবাকিয়ার হানিফ বলির লড়াই হলে হানিফ পরাজিত হন। এ সময় হানিফ বলির লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামাল বলিকে মারধর করে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহবুবুল করিম বাধা দিলে হানিফের সমর্থকেরা হামলা চালানো শুরু করে। এতে গিয়াসউদ্দিন, ফরিদুল আলম, ইউপি সদস্য মাহবুবুল করিমসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় মেলা পণ্ড হয়ে যায়।এদিকে ওই ঘটনার জের ধরে গতকাল সকাল আটটার দিকে পেকুয়া উপজেলা সদরের কবির আহমদ চৌধুরী বাজারে শেখেরকিলা ঘোনা এলাকার ছরওয়ার, আবুল শামা ও করিমের ওপর বারবাকিয়ার কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। হামলার সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।খবর পেয়ে পেকুয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকে ধাওয়া করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা পাঁচটি গুলি ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০টি গুলি ছোড়ে। এর পরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পার্শ্ববর্তী চকরিয়া ক্যাম্পের র্যাব-৭-এর একটি দল ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে। এতে পুলিশসহ প্রায় ৪০ জন আহত হয়েছে।গুরুতর আহত ব্যক্তিরা হলেন করিমদাদ, ছরওয়ার, হারুণ, মানিক, গিয়াসুদ্দিন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদ, কনস্টেবল কামরুল, সুমন, আনছার সদস্য সিরাজ, মাহমুদুল করিম, আনিস ও ফরহাদ। আহত ব্যক্তিদের চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পেকুয়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আল আমিন জানান, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।