পেকুয়ায় দুজনকে কুপিয়ে আহত
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা এলাকায় গতকাল শনিবার বিকেল চারটায় দুজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার আমিন শরীফের ছেলে ফজল করিম (২৭) ও প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী রেজিয়া বেগম (৩৯)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আহত ফজল করিমের বাড়ির পাশেই পেকুয়া-বাঁশখালী-চট্টগ্রাম এবিসি মহাসড়ক। এ সড়কে প্রতিনিয়ত সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শফিউল আলমের নেতৃত্বে একটি চক্র পথচারী ও গাড়ি আটকিয়ে ছিনতাই-চাঁদাবাজি করে আসছে। ফজল করিমের বড় ভাই মাহমুদুল করিম এসবের প্রতিবাদ করলে গতকাল শনিবার শফিউল আলমের নেতৃত্বে ওই চক্রের লোকজন তাঁকে খুঁজতে বাড়িতে যায়। মাহমুদুল করিমকে না পেয়ে তাঁর ভাই ফজল করিম ও তাঁর ভাবি রেজিয়া বেগমকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় দুটি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।
পেকুয়া থানার উপপরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের জবানবন্দি নিয়েছি।’