আ.লীগ নেতার কাজ করছেন যুবদল নেতা
পেকুয়ায় পাউবোর ভাঙা বেড়িবাঁধ নির্মাণে বিলম্ব, ২০ গ্রামে প্লাবন
কক্সবাজারের সমুদ্র উপকূলীয় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ নির্মাণে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য দুই মাস আগে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের গাফিলতির কারণে বাঁধের নির্মাণকাজ এগোচ্ছে না। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের নেতা আবু হেনা মোস্তফা কামাল বাঁধের নির্মাণকাজ না করে যুবদলের নেতা ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজকে বিক্রি করে দেন। এ কারণে কাজে ধীরগতি চলছে।মগনমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী বলেন, গত ২১ জুলাই সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই ইউনিয়নের কাকপাড়াসহ চারটি পয়েন্টে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এক মাস পর পাউবো ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। কাজের ঠিকাদার নিযুক্ত হন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। কিন্তু তিনি কাজ না করে অন্যদের মাধ্যমে করাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, আবু হেনা কাজটি ভাগিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শাফায়েত আজিজকে বিক্রি করে দিয়েছেন। এ কারণে তাঁরা দলের কর্মীদের মুখ দেখাতে পারছেন না। দুই মাসের বেশি সময়েও কাজের ২৫ শতাংশ অগ্রগতি হয়নি। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে মগনামা-উজানটিয়া ইউনিয়নের লবণ উৎপাদনের এক হাজারের বেশি মাঠ ডুবে রয়েছে। মগনামা ইউনিয়নের কালারপাড়া, কাকপাড়া, শুদ্ধখালীপাড়া, বেদেরবিলপাড়া, মরিচ্যাদিয়া, পশ্চিমকূল, সাতঘর; উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া, নতুনপাড়া, কইড়াবাজার, ষাড়দুনিয়া, মিয়ারপাড়া, পশ্চিম উজানটিয়াসহ ২০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘কাউকে বেড়িবাঁধের নির্মাণকাজ বিক্রি করা হয়নি। সম্পূর্ণ নিয়মমাফিক বাঁধের নির্মাণকাজ চলছে। শুধু তদারকির জন্য শাফায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আমার নিকটাত্মীয়।’ শাফায়েত আজিজ বলেন, কাজ করে তিনি ঠিকাদারকে সহযোগিতা করছেন। জোয়ারের পানির কারণে বাঁধের নির্মাণকাজ ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন।সরেজমিনে বাঁধ এলাকা ঘুরে এসে ‘কক্সবাজার বাঁচাও আন্দোলনের’ সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, নির্মাণকাজটি হাতবদল হওয়ায় কাজের ধীরগতি চলছে। ফলে ওই এলাকার প্রায় ৩০ হাজার মানুষ আতঙ্কে বসবাস করছে। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মঈনুদ্দিন বলেন, বেড়িবাঁধ নির্মাণের বিপরীতে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ হলেও এখন পর্যন্ত কোনো টাকা ঠিকাদারকে দেওয়া হয়নি। প্রাকৃতিক দুর্যোগ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় বাঁধের নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না।