পেকুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম!
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী সরকাির প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন দ্বিতীয়বারের মতো অনিয়মের অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
এর আগেও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে এলাকাবাসী ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেন।
২০১৩-১৪ অর্থবছরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের জন্য ৪৮ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেয়। ভবনের নির্মাণকাজটি বাস্তবায়নের দায়িত্ব পান মো. হুমায়ুনের মালিকানাধীন এইচকেসি এন্টারপ্রাইজ।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে সাত-আটজন শ্রমিক পাইলিংয়ের কাজ করছেন। পিলারগুলো মাটিতে ঢোকানোর আগেই ভেঙে যাচ্ছে। পিলারগুলো নিম্নমানের সিমেন্ট, রড ও বালি দিয়ে বানানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের দাতা সদস্য দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বালি ও কাদামিশ্রিত পাথর দিয়ে পিলার তৈরির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সুযোগে ঠিকাদার যেনতেনভাবে পিলার বানিয়ে ফেলেন। এখন যা হওয়ার তাই হচ্ছে।
জানতে চাইলে এইচকেসি এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার মো. হুমায়ুন বলেন, তিনি কাজটি করছেন না। মো. পারভেজ নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে কাজটি কিনে নিয়েছেন। অনিয়ম হলে আপনারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলা উপসহকারী প্রকৌশলী হারু কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সরেজমিনে পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি। সেখানে কোনো অনিয়ম হচ্ছে না। যে পিলারগুলো ভেঙে যাচ্ছে, সেগুলো এমনিতেই ভেঙে পাইলিং করতে হয়।