পেকুয়ায় বন কর্মকর্তার নেতৃত্বে গুলিবর্ষণ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী গ্রামে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বন বিট কর্মকর্তার নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সবাই কর্মসংস্থান প্রকল্পের শ্রমিক।টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্মসৃজন প্রকল্পের আওতাভুক্ত ৮৪ জন শ্রমিক এই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী জুমপাড়ার মসজিদ মাঠ ভরাটের কাজ করছিলেন। এ সময় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি বন বিট কর্মকর্তা নজরুল ইসলাম শ্রমিকদের মাটি কাটতে বাধা দিলে হামলার ঘটনা ঘটে।স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিকবার নিষেধ করার পরও মাটি কাটা চালাতে থাকলে বন কর্মকর্তা নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বেপরোয়াভাবে ১০-১২টি গুলিবর্ষণ করেন। একপর্যায়ে বন কর্মকর্তার সঙ্গে আসা পুঁইছড়ি ইউনিয়নের আবদুস সোবহান, অলিউল্লাহ, ফজল করিম, হাকিম আলীসহ ২০-২৫ জন সন্ত্রাসী শ্রমিকদের ওপর হামলা চালায় এবং স্থানীয় মৃত আশরাফের মেয়ে পুতু বেগম ও জমির উদ্দিনের বাড়ি ভাঙচুর করে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম ১০টি ফাঁকা গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রিজার্ভ বনের মাটি কাটার খবর পেয়ে জলিল মেম্বারকে শ্রমিক তুলে নেওয়ার অনুরোধ করি। কিন্তু তারা উল্টো শ্রমিক নিয়ে আমাদের ওপর হামলা চালাতে উদ্যত হলে বনকর্মীরা ফাঁকা গুলিবর্ষণ করে।’