পেকুয়ায় বন্য হাতির পায়ের চাপায় শ্বশুর-জামাতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি এলাকায় বন্য হাতির পায়ের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের সাপেরগাড়ার দুইল্যারজিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের জারুলবনিয়া গ্রামের বাসিন্দা মো. সৈয়দ আলম (৬০) ও তাঁর জামাতা মো. আলমগীর (৩০)। আলমগীরের বাড়ি সাপেরগাড়া এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি এলাকার ধানখেতে রাতে বন্য হাতি নেমে আসে। এ কারণে প্রতিদিনের মতো গত বুধবার রাতেও সৈয়দ আলম ও মো. আলমগীর নিজেদের ধানখেত পাহারা দেন। সারা রাত পাহারা দেওয়ার পর ভোরে তাঁরা ধানমাড়াইয়ের জায়গায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে তিনটি দলছুট বন্য হাতি সেদিকে ছুটে আসে। এ সময় সৈয়দ আলম ও আলমগীর হাতির পায়ের চাপায় মারা যান।

বারবাকিয়া বন বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুইল্যারজিরি এলাকাটি হাতির বিচরণস্থল।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও জয়নাল আবদিন বলেন, লাশ দুটি উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।