পেকুয়ায় বন্যায় ২০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলায় অন্তত ২০ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন এ সব ঘরে বসবাসকারী পরিবারগুলো। বসতঘর নষ্ট হওয়ায় পানি নামার পরও এসব পরিবার কোথায় থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পানি কমতে থাকলেও এখনো কোমর সমান পানি আছে কয়েক জায়গায়।
আজ রোববার দুপুরে পেকুয়া উপজেলার গোঁয়াখালী গ্রামে গিয়ে দেখা যায়, লোকজন পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন পেকুয়া উপজেলা পরিষদ ভবনের চতুর্থ তলায়। গৃহবধূ ফাতেমা বেগম জানান, গত ২৫ জুন বিকেলে তাঁর কাঁচা ঘরটি বন্যার পানিতে ধসে পড়ে। এখনো তাঁর ভিটায় কোমর সমান পানি। পানি নামার পর কোথায় গিয়ে থাকবেন, তাঁর কিছুই বুঝতে উঠতে পারছেন না।
ওই গ্রামে অন্তত ১২০টি কাঁচা ও বেড়ার ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া পেকুয়া সদর ইউনিয়নের বিলাছুড়া, মইয়াদিয়া, ছিরাদিয়া, মেহেরনামা গ্রামে অন্তত পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। বারবাকিয়া ইউনিয়নে এক হাজার, টৈটং ইউনিয়নে এক হাজার, মগনামা ইউনিয়নে দুই হাজার, শিলখালী ইউনিয়নে দেড় হাজার এবং উজানটিয়া ইউনিয়ন পরিষদে তিন হাজার ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা এ তথ্য জানিয়েছেন।

এদিকে আজ সকাল থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। রাস্তা-ঘাট থেকে পানি নেমে গেছে। শিলখালী ইউনিয়নের কাছারি মোড়া এলাকার গৃহবধূ মোহছেনা বেগম জানান, তাঁর ঘরটি শুক্রবার সকালে ধসে পড়েছে। এরপর থেকে তাঁরা সড়কের ওপর টং করে বাস করছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসছে না। কেবল নির্বাচন আসলেই সবাই আসেন।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট করে বন্যায় কতটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। তবে সরেজমিন ঘুরে যত দূর জানা গেছে, উপজেলার ৩১ হাজার ৮৯৩টি পরিবারের মধ্যে শিলখালী, পেকুয়া, উজানটিয়া, মগনামা, টৈটং ও বারবাকিয়া ইউনিয়নে অন্তত ১৫ হাজার ঘর-বাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচ হাজার ঘর-বাড়ি।