পেকুয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলার ‘পেকুয়া-বরইতলী’ সড়কের রাস্তার মাথা নামক স্থানে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুজনই মোটরসাইকেল আরোহী। তাঁরা হলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সৃজনী বাংলাদেশ’-এর পেকুয়া উপজেলা শাখা কর্মকর্তা ও চকরিয়া উপজেলার মালুমঘাটের পূর্ব ডুমখালী গ্রামের মৃত মাস্টার শামসুদ্দিনের ছেলে আনিছুর রহমান (২৬), একই উপজেলার পহরচাঁদা ইউনিয়নের বিবিরখিল গ্রামের নুরুল হোছাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া থেকে চকরিয়া অভিমুখে ছেড়ে আসা বাসটি (ঢাকা-চ-১৪৫৩) রাস্তার মাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই এ দুজনের মৃত্যু হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। আনিছের ভাই মোস্তাফিজ পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।