পেকুয়ায় ভোটারের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে র্যা ব-বিজিবি লাঠিপেটা করে। এতে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, তাঁর ভাই আবুল হাসেম ও মোহাম্মদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল শামা শামীম, আওয়ামী লীগের সমর্থক আবুল শামা ও সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘র্যা ব-বিজিবি আওয়ামী লীগের এজেন্ট মোহাম্মদ ইকবালকে লাঠিপেটা করে মাথা ফাটিয়ে দেওয়ার পর কেন্দ্রের বাইরে এসে আমাদের (আওয়ামী লীগের নেতাদের) ওপর গুলি ছুড়ে ও লাঠিপেটা করে। আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার দৃশ্য ধারণ করায় সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে লাঠিপেটা করে র্যা ব।’
কক্সবাজার জেলা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে র্যা বের সব সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, তিনি এ সম্পর্কে কিছু জানেন না। তবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিজিবি কয়েকজনকে হেফাজতে নেয়। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁদের ২০০ টাকা করে জরিমানা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মগনামা ইউনিয়নের মধ্য মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী খাইরুল এনামের সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোর করে সিল মারেন। প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ঘটনাস্থলে পৌঁছে জোর করে সিল মারা ২২৯টি ব্যালট বাতিলের নির্দেশ দেন।
মগনামায় বিএনপির প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন। ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোর করে সিল মেরেছেন। তবে প্রশাসন কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে।’
মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আলমগীর মগনামা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ তুলেছেন।
এদিকে টৈটং ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে জোর করে সিল মারার অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শহীদুল্লাহ অপহৃত হয়েছেন। তাঁর স্ত্রী সেলিনা আকতার বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তিন-চারটি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছেন।
টৈটং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী অভিযোগ অস্বীকার করেন।
টৈটং, মগনামা ও পেকুয়া ছাড়া অন্য চারটি ইউনিয়ন বারবাকিয়া, শিলখালী, রাজাখালী ও উজানটিয়া ইউনিয়নের কোনো ভোটকেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি।
সকাল আটটায় শিলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু সওদাগর জামে মসজিদ-সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি।
শিলখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে গিয়ে দাঁড়িয়েছেন। ভোটারদের উপস্থিতিও ছিল বেশি। এ ইউনিয়নে কোনো কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেনি।’
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান বলেন, তিনটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।