পেকুয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনার আলোচিত জাবের আহমদ খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেম ওরফে কাশেম ডাকাতকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ পেকুয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, ১৯৮৯ সালের ১০ মে ১১ জন সশস্ত্র ডাকাত দল শরৎঘোনা এলাকার নুরুল হকের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দল বাড়ির লোকজনকে বেঁধে রেখে সর্বস্ব লুটে নেয়। ডাকাতির খবর শুনে আত্মীয়স্বজন ও এলাকার লোকজন এগিয়ে এলে ডাকাত দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নিহত হন নুরুল হকের চাচাতো ভাই জাবের আহমদ। এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে ১১ জন ডাকাতের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ খুনের মামলা করেন।নুরুল হকের ছেলে জহিরুল ইসলাম বলেন, পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ওই ১১ জন ডাকাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ২০০১ সালে তাদের প্রত্যেককে যাবজ্জীবন সাজা দেন।পেকুয়া থানার উপপরিদর্শক রেজাউল করিম চৌধুরী বলেন, আবুল কাশেম ১২ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।