পেকুয়ায় যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ভেলোয়ারপাড়া এলাকায় জসিম উদ্দিন (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জসিম উদ্দিন ওই এলাকার মাহমুদুল হকের ছেলে। পুলিশ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাঁর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত নটায় জসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। স্থানীয় একটি গানের অনুষ্ঠানে রাত ১২টা পর্যন্ত গান শোনেন তিনি। এরপর আর কেউ তাঁকে দেখেনি। গতকাল সকালে জসিম উদ্দিনের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভেলোয়ারপাড়া এলাকার খোলা জায়গায় তাঁর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সোমবার রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত জসিমকে গলা কেটে হত্যা করে ওই এলাকায় ফেলে রেখে যায়। কেন তাঁকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।
ওসি আরও বলেন, জসিমের পিঠে ছুরির সাত-আটটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।