পেকুয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মগকাটা গ্রামে যৌতুকের জন্য জেসমিন আকতার (২৩) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে। জেসমিনের বড় ভাই আবদুল গফুর বাদী হয়ে স্বামী নাছির উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা করেছেন। ওই দিন রাতে লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।পুলিশ জানায়, পেকুয়া সদর ইউনিয়নের বিলাহাচুরা এলাকার শাহ আলমের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ২০১০ সালের এপ্রিল মাসে একই ইউনিয়নের মগকাটা গ্রামের মৃত উকিল আহমদের ছেলে নাছিরউদ্দিনের বিয়ে হয়। এরপর নাছিরউদ্দিন সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। ছয় মাস আগে ওই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে দেশে ফিরে আসেন তিনি। এর পর থেকে এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী জেসমিন আকতারকে নির্যাতন শুরু করেন নাছির।আবদুল গফুর অভিযোগ করেন, তাঁর বোন বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। যৌতুক দিতে না পারায় নাছির ও তাঁর পরিবারের লোকজন জেসমিনকে পিটিয়ে হত্যা করেছেন। তাঁর মাথা, পিঠ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।পেকুয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনোয়ার উল্লাহ বলেন, জেসমিন আকতারের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। গলায় ছাড়া শরীরের আর কোথাও কোনো দাগ নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, জেসমিনের মৃতদেহ বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। এ সময় তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত নাছিরউদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।পেকুয়া থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, গর্ভবতী গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।