পেকুয়ায় সাত বছর ধরে বন্ধ দুটি সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজানটিয়া নদীর ওপর ১৮০ মিটারের এই সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে সাত বছর  প্রথম আলো
উজানটিয়া নদীর ওপর ১৮০ মিটারের এই সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে সাত বছর প্রথম আলো

কক্সবাজারের উজানটিয়া নদীর এক পাড়ে পেকুয়া উপজেলার উজানটিয়া। অপর পাড়ে মহেশখালী উপজেলার মাতারবাড়ি। বিচ্ছিন্ন দুই জনপদের মধ্যে সংযোগ স্থাপনে ২০০৬ সালের মে মাসে নদীর ওপর ২৪০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজ শুরু হয়। আটটি পিলারও নির্মিত হয়। কিন্তু এক-এগারোর পর সব থমকে যায়। সেই থেকে এখনো বন্ধ রয়েছে কাজ।
একই অবস্থা উজানটিয়া-করিয়ারদিয়া সড়কের উজানটিয়া নদীর ওপর ১৮০ মিটার দৈর্ঘ্যের আরেকটি নির্মাণাধীন সেতুরও। সেটির কাজও বন্ধ সাত বছর ধরে। এই সেতুটিরও পিলারের কাজ শেষ হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের আওতায় প্রকল্প দুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, প্রথম সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ছয় কোটি ৯৪ লাখ টাকা। দ্বিতীয় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৪৫ লাখ টাকা। দুটি সেতুরই কাজ পান প্রতিমন্ত্রীর অনুসারী ঠিকাদার গিয়াস উদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চকোরী কনস্ট্রাকশন। কিন্তু এক-এগারোর পর ঠিকাদার আত্মগোপনে চলে গেলে সেতু দুটির কাজ বন্ধ হয়ে যায়। এদিকে জোট সরকারের সময় নেওয়া এ প্রকল্প মহাজোট সরকারেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন জানান, সেতু দুটি নির্মিত হলে উজানটিয়া ও মাতারবাড়ি ইউনিয়নের মানুষের যোগাযোগে নতুন দ্বার খুলে যেত। কিন্তু আজ এত বছর ধরে সেতুর নির্মাণকাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই।
উজানটিয়ার স্থানীয় বাসিন্দা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, সেতু দুটি নির্মিত হলে চিংড়ি ও লবণ পরিবহনের ক্ষেত্রে খরচ কম পড়বে। এতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, দুই বছর আগে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের প্রকল্প পরিচালক আতাউর রহমান খান সেতুগুলো পরিদর্শন করে গেছেন। সে সময় আবার নির্মাণকাজ শুরু করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
পেকুয়া উপজেলা উপ-প্রকৌশলী (এলজিইডি) হারু কুমার পাল বলেন, সেতু দুটির প্রকল্প মেয়াদ ছিল ২০১০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে ঠিকাদার কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের প্রকল্প পরিচালক আতাউর রহমান খান বলেন, প্রকল্পে এখন টাকার সংকট রয়েছে। ডিপিটি সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাস হলেই ফের দরপত্র আহ্বান করা হবে।