পেকুয়ায় সড়ক বেহাল ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দরবার সড়ক সংস্কার করা হয়নি দীর্ঘদিন৷ এতে স্থানীয় লোকজন চরম ভোগান্তিতে পড়েছে৷
দরবার ঘাট-সবুজবাজার-সিকদার পাড়া-নাপিতখালী-টৈটং বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, সড়কের সবুজ বাজার থেকে চঁরিপাড়া মসজিদ পর্যন্ত ১২ শ মিটারের অবস্থা খুবই খারাপ৷ স্থানীয় লোকজন বলেন, দরবার সড়ক দিয়ে চঁরিপাড়া, বকশিয়া ঘোনা, নতুন ঘোনা, দক্ষিণ সুন্দরীপাড়া ও নতুনপাড়ার অন্তত ২০ হাজার বাসিন্দা চলাচল করে৷ অবস্থা এমনই খারাপ যে এই সড়ক দিয়ে শুষ্ক মৌসুমেও মোটরসাইকেল এবং লবণ ও পোনা বহনকারী কিছু ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না৷ বর্ষায় যানবাহন চলাচল দূরের কথা, হাঁটা-চলাও কঠিন হয়ে পড়ে৷
দক্ষিণ সুন্দরীপাড়ার ব্যবসায়ী ওসমান গনি বলেন, বড় বড় লবণের ট্রাক চলাচলের কারণে সড়কটি ভেঙে গিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ ও মাসুদা কাফি বলে, যানবাহন চলাচল না করায় তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজাখালী ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মনছুর আলম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হচ্ছে না।
স্থানীয় জামাল মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, সড়ক বেহাল হওয়ায় পথ চলতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সড়কটি সংস্কারের জন্য কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে৷
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলা উপসহকারী প্রকৌশলী হারু কুমার পাল প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে দরবার সড়কে ইট বিছানো হয়। এর পর থেকে আর সংস্কার হয়নি। ইউনিয়ন সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের (িদ্বতীয় পর্যায়) আওতায় সড়কটি সংস্কারে জন্য মন্ত্রণালয়ে তালিকা পাঠনো হয়েছে।