কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. মারুফুর রশিদ খান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এম এম শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বিধু বড়ুয়া, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব দিদারুল করিম, শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী প্রমুখ। পরে প্রতিষ্ঠানপ্রধানদের হাতে ক্রিকেট ব্যাট, বল, টেনিস ব্যাট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। —চকরিয়া প্রতিনিধি