পেকুয়ায় 'বিদ্রোহী' প্রার্থী অপহৃত
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী শহীদুল্লাহকে গত মঙ্গলবার রাতে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শহীদুল্লাহর স্ত্রী সেলিনা আকতার আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলামের ভাই মনিরুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী লিটন, আবদুল জলিল ও আবুল কালাম।
পেকুয়া উপজেলার সাত ইউনিয়নে আজ বৃহস্পতিবার নির্বাচন হবে। টৈটং ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী, দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী শহীদুল্লাহ, বিএনপির প্রার্থী রমিজ উদ্দিন আহমদ ও জামায়াত নেতা হাসান শরীফ। শহীদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
সেলিনা আকতার বলেন, তাঁর স্বামী টৈটং ইউপির দুবারের চেয়ারম্যান ছিলেন। এবার প্রার্থী হওয়ার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
সেলিনা আকতার বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে শহীদুল্লাহ টৈটংয়ের বনকানন এলাকায় গণসংযোগ ও পথসভা শেষ করে বাড়ি ফেরার পথে এবিসি মহাসড়কের জালিয়ার চাঙ এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বন্দুকধারীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে (শহীদুল্লাহ) কেন অপহরণ করতে যাব? অপহরণের বিষয়ে আমি কিছুই জানি না। নির্বাচনে ফায়দা হাসিলের জন্য শহীদুল্লাহ নিজেই আত্মগোপনে চলে গেছেন।’
পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, শহীদুল্লাহকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।