পেকেছে জুমের ধান, আদিবাসী জনপদে উৎসব
বান্দরবানে জুমিয়া আদিবাসী এলাকাগুলো জুমের পাকা ধানের গন্ধে ভরে উঠেছে। অরণ্যঘেরা সবুজ পাহাড়ের গায়ে সোনালি রঙের ঝিলিক অপরূপ করে তুলেছে আদিবাসী জনপদ। হাসি ফুটিয়েছে সবার মুখে। নবান্ন উৎসবের আমেজে মেতে উঠেছে তরুণ-তরুণীরা।গত শুক্র ও শনিবার চিম্বুক পাহাড় ও রোয়াংছড়ির তারাছা এলাকা ঘুরে জুমিয়া আদিবাসীদের মধ্যে নবান্নের হাসি দেখা গেছে। তারাছার চথুই মারমা বলেন, ‘আষাঢ় ও শ্রাবণ মাস পাহাড়ে জুমিয়াদের চরম অভাবের সময়। দরিদ্র জুমিয়ারা অনাহারে-অর্ধাহারে এ দুই মাস পার করতে পারলে ভাদ্র মাসে সবাই রাজার লাহান (রাজার মতো) হয়ে যায়।’ জুমিয়া প্রবাদে ভাদ্র মাসকে ভাতের মাস আখ্যায়িত করে বলা হয়েছে, এ মাসে ধান পাকলে জুমের ধানভূক ঘুঘুরাও ধনাঢ্য গৃহস্থ হয়ে ওঠে।পাহাড়ি জমির জঙ্গল কেটে আগুনে পোড়ানোর পর চাষ করাকে জুম চাষ বলা হয়। ফেব্রুয়ারি-মার্চে জঙ্গলকাটা ও পোড়ানো হয়। এপ্রিলে রোপণ করা হয় ধানের চারা। ধান পাকে ভাদ্র মাসে। তাই ভাদ্র জুমিয়াদের কাছে সুখের মাস। ম্রো আদিবাসীদের ভাষায়, ভাদ্র বামলা বা ধনের মাস। চিম্বুক পাহাড়ের রেনিক্ষ্যংপাড়া এলাকায় পিঠে ঝুড়ি (থুরুং) ঝুলিয়ে ধান কাটতে কাটতে ম্রো তরুণী পাউলেং, টনলে বলেন, জুমের ধান পাকলে সবাই আনন্দে মেতে ওঠে। এটা জুমিয়াদের ঐতিহ্য। সিংপাত ম্রো বলেন, ‘ধান ভালো হলে এবং বছরের খোরাক পাওয়া গেলে খুশির মাত্রা একটু বেশি হয়।’ ৭০ বছর বয়সী রেংয়া ম্রো বলেন, তাঁর পরিবার আট আড়ি (১০ কেজিতে এক আড়ি) জমি ধান চাষের উপযোগী করেছিলেন। কিন্তু এবার জুমের জমি আগুনে পোড়ানোর সময় বৃষ্টিপাত হওয়ায় মাত্রাতিরিক্ত আগাছা গজিয়েছে। এ জন্য মাত্র পাঁচ আড়ি জমিতে জুম করতে পেরেছিলেন। বছরের খোরাক না হলেও তিল, তুলা, ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসল সঠিকভাবে বিক্রি করতে পারলে তেমন সমস্যা হবে না।জুমে একসঙ্গে ধান, তুলা, তিল, মরিচ, ভুট্টা, মারফাসহ অনেক ফসল রোপণ করা হয়। এ জন্য অনেক কৃষিবিদ জুম চাষকে বহু ফসলের বনায়ন বা মাল্টি ক্রপস ফরেস্ট্রি বলে থাকেন।এ বছর জুমের ফলন গত বছরের মতো ভালো হয়নি বলে জানিয়েছেন থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবান সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার জুমিয়ারা। টংকাবতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চিংথুই ম্রো বলেন, ‘বৃষ্টি যখন প্রয়োজন তখন হয়নি। যখন প্রয়োজন ছিল না তখন হয়েছে। এ জন্য এবার ধানে চিটা হয়েছে বেশি।’বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম জানান, এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় আট হাজার ৪৮১ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। এবার ফসল মধ্যম মানের হয়েছে।