পেছন থেকে বাসের ধাক্কা, বিরোধীদলীয় চিফ হুইপ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপসহ তিনজন আহত হয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। ঢাকা থেকে নোয়াখালীগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে চিফ হুইপের গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, আহত তিনজন হলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, তাঁর গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৩০) ও নোয়াখালীর সেনবাগ থানা বিএনপির সভাপতি মোক্তার হোসেন পাটোয়ারী (৪৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া তিনটার দিকে জয়নাল আবদিন চট্টগ্রাম থেকে নিজ নির্বাচনী এলাকা সেনবাগ যাচ্ছিলেন। তাঁর গাড়িটি ফেনীর অদূরে কালিপাল এলাকায় পৌঁছালে শাহী পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাঁর গাড়িকে ধাক্কা দেয়। এতে ফারুকের গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় তাঁদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, জয়নাল আবদিন এখন আশঙ্কামুক্ত। চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ছেড়ে গেছেন। তবে জাহাঙ্গীর ও মোক্তারের অবস্থা এখনো আশঙ্কাজনক। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় চিফ হুইপসহ তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। মহিপাল হাইওয়ে থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হেলাল বলেন, চিফ হুইপের গাড়ি ও বাসটি থানায় রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।