পেছন ফিরে মাকে দেখতে গিয়ে বাসযাত্রী পরীক্ষার্থীর মৃত্যু

ভিড়ের কারণে মা-ছেলে উঠেছিলেন আগে-পিছে দুই বাসে। সামনের বাসে ছেলে, দু-তিন বাস পেছনে মা। মা ঠিকভাবে বাসে উঠতে পারলেন কি না, তা নিয়েই দুশ্চিন্তা ছেলের। তাই বাসের জানালা দিয়ে মাথা বের করে বারবার তাকাচ্ছিল পেছনে। আর এতেই ঘটে বিপত্তি। মাথায় ল্যাম্পপোস্টের আঘাতে মর্মান্তিক মৃত্যু হয় ছেলের।
দুর্ঘটনাটি গতকাল মঙ্গলবার সকালে। এসএসসি (মাধ্যমিক) পরীক্ষা দিতে দক্ষিণ বাড্ডা থেকে ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার পথে রাজধানীর বিমানবন্দর সড়কের আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত সাকিবুল ইসলাম বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল।
সাকিবুলের মা ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, সাকিবুলের পরীক্ষার কেন্দ্র ছিল ক্যান্টনমেন্টের শহীদ রমিজউদ্দিন উচ্চবিদ্যালয়। সকালে দক্ষিণ বাড্ডা থেকে তিনি ছেলেসহ রবরব পরিবহনের একটি বাসে ওঠেন। মহাখালী মোড়ে এসে বাসটি সিগন্যালে আটকে যায়। দেরি হতে পারে ভেবে তাঁরা বাস থেকে নেমে যান এবং হেঁটে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসেন। তিনি বলেন, মহাখালী থেকে যাত্রীভর্তি একটি বাস আসতে দেখে সাকিবুল দ্রুত ওই বাসে উঠে পড়ে এবং তাঁকে অন্য একটি বাসে উঠে আসতে বলে।
ফরিদা ইয়াসমিন বলেন, সাকিবুল যে বাসে উঠেছিল, তার দু-তিন বাস পেছনের একটি বাসে তিনি উঠেছিলেন। ছেলেকে দেখার জন্য তিনি বাসের দরজায় ঝুলে ছিলেন। আর ছেলে জানালা দিয়ে তাঁকে দেখছিল। দু-একবার দেখার পর আর তিনি ছেলেকে দেখতে পাননি। পরে পরীক্ষার কেন্দ্রে গিয়ে তিনি দুর্ঘটনার খবর পান।
গতকাল দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মহাখালী মোড় থেকে ২০-২৫ গজ সামনে বিমানবন্দর সড়কের ‘নিউ গ্লাস সেন্টার’ নামক দোকানের পাশের একটি ল্যাম্পপোস্টে লেগে আছে রক্তের দাগ। স্থানীয় লোকজন জানান, সকাল সোয়া নয়টার দিকে এই ল্যাম্পপোস্টেই আঘাত লেগেছিল সাকিবুলের।
প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম বলেন, ‘বিনিময়’ নামের একটি বাসের একেবারে পেছনের বাঁ দিকের একটি সিটে বসেছিল সাকিবুল। জানালা দিয়ে মাথা বের করে সে পেছনের দিকে দেখছিল আর আর বাসটি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। একপর্যায়ে সাকিবুলের মাথা ল্যাম্পপোস্টের সঙ্গে আটকে যায়। এ সময় সে ‘বাঁচাও’ বলে চিৎকার করে। চিৎকার শুনে বাসটি থেমেছিল। ল্যাম্পপোস্টের পাশে বসে থাকা এক নারী বাসের সহকারীকে ডেকে বাস পেছনের দিকে আনতে বলেছিলেন। কিন্তু তার আগেই বাস আবার সামনে দিকে চলতে শুরু করে। এতে সাকিবুলের মাথা ল্যাম্পপোস্ট ও বাসের মধ্যে চাপা পড়ে। মুহূর্তেই তার নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। তিনি বলেন, বাসের লোকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সাকিবুলকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়েছেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জান বলেন, আহত অবস্থায় সাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে সাকিবুলের খালাতো বোন ফাইজাতুস সাফা বলেন, গতকাল মাধ্যমিকের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দেওয়ার কথা ছিল সাকিবুলের। কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না। তিনি বলেন, দুই ভাইয়ের মধ্যে সাকিবুল ছোট। বড় ভাই রাকিবুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষে পড়েন। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটী। মা-বাবার সঙ্গে সাকিবুল দক্ষিণ বাড্ডার ভাড়া বাসায় থাকত।
সাকিবুলের স্বজনেরা জানিয়েছেন, জেএসসিতে জিপিএ-৫ পাওয়া সাকিবুল বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগে পড়ত। শ্রেণি রোল ছিল ৩।