পেছাল এসএসসি পরীক্ষা, হরতাল থাকলে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার কারণে পেছাল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। আজ সোমবার এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে তা পেছানো হয়েছে। আজকের পরীক্ষা হবে আগামী শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ফলে ৪ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে এসএসসির প্রথম পরীক্ষা। পরীক্ষা শুরুর আগের দিন গতকাল রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অবশ্য মন্ত্রণালয় বলেছে, পরীক্ষার দিন হরতাল থাকলে ওই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে। তবে অবরোধ থাকলে পরীক্ষা হবে।
শেষ মুহূর্তে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছেন।
অতীতেও হরতালসহ রাজনৈতিক অস্থিরতার জন্য পাবলিক পরীক্ষা পিছিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগসহ তৎকালীন বিরোধী দলগুলোর ডাকা অসহযোগ কর্মসূচির জন্য ওই বছরের এসএসসি পরীক্ষা ১০ দিন পিছিয়েছিল।
িনর্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা শুরু নিয়ে কয়েক দিন ধরে উদ্বেগ-উৎকণ্ঠায় ছিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। গত শুক্রবার ২০ দল গতকাল থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকায় যোগ হয় অনিশ্চয়তাও। এ অবস্থায় গতকাল রোববার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা পেছানোর কথা জানান। অবরোধ থাকলে পরীক্ষা হবে কি না, সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অবরোধ অকার্যকর, তাই তারা (২০-দলীয় জোট) অবরোধেও হরতাল দিচ্ছে। তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা পেছানোর কারণ উল্লেখ করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০-দলীয় জোট হরতাল প্রত্যাহার করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা, যিনি মন্ত্রী ছিলেন, তিনি শনিবার বলেছেন, পরীক্ষা দিয়ে কী হবে? তখন আমরা তো উত্তর পেয়েই গেলাম। এরপরও আজ (রোববার) দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু তাঁরা হরতাল প্রত্যাহার করেননি।’ তিনি বলেন, ‘আমরা তো দায়িত্ব এড়াতে পারি না। বিএনপির নেতৃত্বাধীন জোট যে অমানবিক কর্মকাণ্ড করে চলেছে, সেই হিংস্রতার মুখে আমরা ছেলেমেয়েদের ছেড়ে দিতে পারি না। এ জন্য হরতালের দিনের পরীক্ষা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করব, ২০-দলীয় জোট পরীক্ষার দিন আর হরতাল-অবরোধ দেবে না।’
এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় পৌনে ১৫ লাখ।
রাজনৈতিক অস্থিরতায় অতীতেও পরীক্ষা পিছিয়েছে: পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নব্বইয়ের পর হরতাল, অসহযোগসহ রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন সময়ে পাবলিক পরীক্ষা পেছানো হয়েছে। ১৯৯৬ সালের ৯ মার্চ আওয়ামী লীগসহ তিনটি বিরোধী দল অসহযোগের ডাক দিলে ওই বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ২৮ মার্চ থেকে ১০ দিন পিছিয়ে ৭ এপ্রিল শুরু করা হয়েছিল।
২০১৩ সালে এসএসসি পরীক্ষা চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতাল এবং সহিংসতার কারণে নয় দিনের পরীক্ষা পিছিয়ে যায়। ওই বছর আগের বছরের চেয়ে ফল খারাপ হয়। জামায়াতের ডাকা হরতালের কারণে গত বছর নভেম্বরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও একাধিক দিন পেছানো হয়।
হতাশ পরীক্ষার্থী-অভিভাবকেরা: পরীক্ষা শুরুর আগের দিন তা পেছানোয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হতাশা প্রকাশ করেছেন। অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে কি না, তা নিয়েও সংশয়ে আছেন তাঁরা।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী তাসনীম বারী বলে, ‘প্রথম পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলাম। এখন এই পত্রের জন্য আবার প্রস্তুতি নিতে হবে।’
রিয়াজুল হাসনাত নামের একজন অভিভাবক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসার কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। পরিবর্তিত সূচি ঠিক থাকবে, এরই বা নিশ্চয়তা কী?’
ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান মিয়া বলেন, একটি পরীক্ষা পেছালে তা পরীক্ষার্থীদের বাকি সব পরীক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
দিনাজপুর অফিস জানায়, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী শামীমা আক্তার বলে, ‘প্রথম পরীক্ষা হিসেবে বাংলা প্রথম পত্রের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছি। কিন্তু পরীক্ষার এক দিন আগে জানলাম এই পরীক্ষা পিছিয়েছে। এতে আমি হতাশ। এ অবস্থায় দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুতিতে বসতে হবে।’
দিনাজপুর জিলা স্কুলের এক পরীক্ষার্থীর বাবা মো. তছলিম উদ্দিন বলেন, তাঁর সন্তান ঠিকমতো পরীক্ষা দিতে পারবে কি না, তা নিয়ে তিনি ভীষণ চিন্তিত।
দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম বলেন, হরতাল ও অবরোধের কারণে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে।
ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর জিলা স্কুলের পরীক্ষার্থী সিজান মাহমুদ বলে, ‘আমি রাজনীতি বুঝি না। যাঁরা হরতাল-অবরোধ ডেকেছেন, আমরা তাঁদের নাতি-নাতনির বয়সী। তার পরও আমাদের কথা একবারের জন্যও ভাবা হলো না, এটাই কষ্টের।’
শহরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দা এক পরীক্ষার্থীর মা ফিরোজা বেগম বলেন, ‘পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ ডাকা মোটেও ঠিক হয়িন। হরতাল-অবরোধ হোক কোনো আপত্তি েনই, কিন্তু পরীক্ষার মধ্যে কেন?’