পেছাল শিশু রবিউল হত্যা মামলার রায়
বরগুনায় আলোচিত শিশু রবিউল হত্যা মামলার রায়ের দিন পিছিয়ে ৩১ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের মামলার রায়ের দিন ৩১ মে নির্ধারণ করেন। ১৯ মে বিচারক এই মামলার যুক্তি-তর্ক শেষে ২৬ মে রায়ের দিন ধার্য করেছিলেন।
আলোচিত এই শিশুহত্যা মামলার রায় ঘোষণা করা হবে—এমন খবর জানতে পেরে আজ বরগুনা জেলা জজ আদালতের সামনে বিপুলসংখ্যক উৎসুক মানুষ জড়ো হয়। আদালতের বাইরে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর রায়ের দিন পেছানোর কথা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরগুনায় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় আদালত মামলার রায়ের তারিখ পিছিয়েছেন।
গত বছরের ৩ আগস্ট রাতে মাছ চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের ১১ বছরের শিশু রবিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ স্থানীয় লকরার খালে ফেলে রাখা হয়। পরের দিন ৪ আগস্ট বিকেলে স্থানীয় লকরার খাল থেকে পুলিশ রবিউলের মরদেহ উদ্ধার করে। রবিউল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় ৫ আগস্ট শিশু রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় অভিযুক্ত মিরাজসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই দিনই মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি মিরাজ। এরপর শুধু মিরাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।