পেছাল শিশু রবিউল হত্যা মামলার রায়
বরগুনার চতুর্থ শ্রেণির ছাত্র রবিউল হত্যা (১১) মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে ৩১ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের ওই পুনর্নির্ধারিত তারিখ ঘোষণা করেন।
শিশু রবিউল হত্যা মামলার রায় ঘোষণা করা হবে খবরে গতকাল জেলা জজ আদালতের সামনে বিপুলসংখ্যক উৎসুক মানুষ জড়ো হন। রায় ঘোষণাকে সামনে রেখে আদালতের বাইরে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা। ১৯ মে মামলার যুক্তি-তর্ক শেষে গতকাল রায়ের দিন নির্ধারণ করেছিলেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর রায় ঘোষণার দিন পেছানোর কথা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরগুনায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেওয়ায় আদালত রায় ঘোষণার দিন পিছিয়েছেন।
গত বছরের ৩ আগস্ট রাতে মাছ চুরির অভিযোগে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের রবিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন বিকেলে তার মরদেহ স্থানীয় লকরার খাল থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ৫ আগস্ট রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় মিরাজ নামের একজনকে প্রধান আসামি করে চার ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ আগস্ট আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে ১৬৪ ধারায় হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিরাজ।