পেট থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি ক্লিনিকে পেটের ব্যথা নিয়ে ভর্তি হওয়া বুলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পেট থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের প্রবর্তক মোড়ের সিএসসিআর ক্লিনিকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিকটাত্মীয় পরিচয় দিয়ে বুলু মিয়াকে ভর্তি করেন। পুলিশ ও ক্লিনিক সূত্র জানায়, গতকাল বিকেলে ভর্তির পরপরই চিকিৎসকেরা বুলু মিয়ার পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী তৎক্ষণাৎ অস্ত্রোপচার শুরু করেন এবং তা রাত নয়টা পর্যন্ত চলে। কয়েক দফায় পরিচালিত অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা তাঁর পেট থেকে দেড় হাজার বড়ি বের করেন। চিকিৎসকদের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে সেগুলো ইয়াবা বড়ি বলে নিশ্চিত করে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মো. রেজাউল মাসুদ বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা বুঝেছি যে বড়িগুলো তাঁর পায়ুপথ দিয়ে প্রবেশ করানো হয়েছে।’তিনি বলেন, বুলু মিয়াকে আটক দেখানো হয়েছে। সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।