পেট থেকে মানবভ্রূণ অপসারণ, মালেক সুস্থ আছেন
অবশেষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আবদুল মালেকের শরীর থেকে টিউমারে পরিণত হওয়া মানবভ্রূণ অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একদল চিকিৎসক এ অস্ত্রোপচার করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মালেক এখন সুস্থ আছেন।গতকাল সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা জটিল ওই অস্ত্রোপচারের পর বিএসএমএমইউর চিকিৎসকেরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তাঁরা বলেন, আবদুল মালেকের সমস্যাটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় টেরাটোমা বা ফিটাস ইন ফিটো। যে ভ্রূণ থেকে মালেকের জন্ম, মাতৃগর্ভে সে সময় আরও একটি ভ্রূণ ছিল। কোনোভাবে ওই ভ্রূণটি মালেকের ভেতরে চলে যায়। মালেক একপর্যায়ে পূর্ণাঙ্গ মানব হিসেবে জন্ম নিলেও, অন্য ভ্রূণটি তাঁর পেটে থেকে যায়। তাঁর শরীর থেকেই পুষ্টি সংগ্রহ করতে করতে একপর্যায়ে সেটি বড় হয়ে টিউমারে পরিণত হয়। তাতে হাত, পা, চুল থাকলেও মস্তিষ্ক ও হূৎপিণ্ড ছিল না। শল্যচিকিৎসা বিভাগের চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম জানান, অস্ত্রোপচারটি ছিল খুবই জটিল। মালেকের কিডনি ও রক্তনালিগুলোর সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে ছিল যে, চুল পরিমাণ ত্রুটিতেই রোগীর মারাত্মক ক্ষতির আশঙ্কা ছিল। আবদুল মালেকের (৪০) বাড়ি বগুড়ার শিবগঞ্জে। ২৪ বছর ধরে তাঁর পেট ক্রমে ফুলছিল। তিনি পেটে তীব্র ব্যথাও অনুভব করতেন। এ সমস্যা নিয়ে গত মাসের শেষ দিকে তিনি বগুড়া মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানেই তাঁর পেটে মানবভ্রূণের অস্তিত্বের কথা জানা যায়। ১৫ মে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন।সৈয়দ সিরাজুল ইসলামের নেতৃত্বে মালেকের শরীরে অস্ত্রোপচারে অংশ নেন বিএসএমএমইউর শিক্ষক জুলফিকার রহমান খান, এ এইচ এম তৌহিদুল আলম, সাইফুদ্দীন আহমেদ, আমিনুল ইসলাম জোয়ার্দার, অবেদনবিদ্যা বিভাগের মো. আবদুল হাই, দেবাশীষ বণিক, চিকিৎসক সাবিনা এবং চিকিৎসা কর্মকর্তাদের একটি দল। বাংলাদেশে এর আগে ২০০৫ সালে ২৫ বছর বয়সী এক যুবকের পেট থেকে টিউমারে পরিণত হওয়া মানবভ্রূণ অপসারণ করা হয়েছিল। সেই অস্ত্রোপচারও করেছিলেন বিএসএমএমইউর চিকিৎসকদের একটি দল।