পেট ভরে খেলেন গোশত-পোলাও

চুয়াডাঙ্গার সদর উপজেলার বহালগাছি গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী এক মাস আগে ভিক্ষাবৃত্তি ছেড়েছেন। এর আগে বহুবার চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে আসা-যাওয়া করেছেন। এবারই প্রথম তিনি সার্কিট হাউসের ভেতরে ঢোকার সুযোগ পেয়েছেন। ঈদের দিন জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে চেয়ারে বসে পেট ভরে গোশত-পোলাও খেয়েছেন।
ইয়াকুব আলীর (৭০) মতো শতাধিক নারী-পুরুষ ঈদ উপলক্ষে আয়োজিত এই ভোজে অংশ নিয়েছেন। তাঁরা সবাই একসময় ভিক্ষা করতেন। এখন এই পেশা ছেড়ে দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন সার্কিট হাউসে তাঁদের জন্য উন্নত খাওয়াদাওয়ার এই আয়োজন করা হয়।
সার্কিট হাউসে ওই দিন সদর উপজেলার হানুরবারাদী গ্রামের সারেজান নেছার (৭৫) সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর স্বামী মারা যাওয়ার পর প্রায় ৪০ বছর ভিক্ষা করে সংসার চালিয়েছেন। তবে মাসখানেক আগে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন। এখন তিনি পুনর্বাসিত। তিনি বলেন, ‘ডিসি সায়েপ আমাগের বড় সুম্মান দেখিয়েছেন। জীবনে পোথ্থম আত্মাভরে ভালো-মন্দ খাতি পারিচি। এতে আমরা খুব খুশি।’
ফুলবাড়ী গ্রামের আমেনা বেগম (৬৫) বলেন, ‘ডিসি সায়েপের কারণে আজ য্যানো আমরা বেহেশতে আসতি পারিচি। যেমন সুন্দর জায়গা, তেমন সুন্দর খাওয়াদাওয়া।’
ডিঙ্গেদহ হাটখোলা এলাকার জামেলা খাতুন বলেন, ‘যেইকেনে জীবনে ঢুকার কতা চিন্তা করতি পারিনি, ভিক্ষা ছেড়ে দিয়ার কারণে আজ সেইকেনে বসি গোশত, পোলাও, দই-মিষ্টি খাচ্ছি। আর কক্ষনো ভিক্ষা করব না।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ভিক্ষুকমুক্ত জেলা গড়তে এ বছর প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন এমন ১ হাজার ৫৯৫ নারী-পুরুষকে বিভিন্ন ধরনের ব্যবসার সামগ্রী, ছাগল, হাঁস-মুরগি, রিকশা-ভ্যানসহ নানা উপকরণ দিয়ে সহায়তা করা হয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বিভিন্ন কর্মসূচির আওতায় আনা হয়েছে। পুনর্বাসিত এসব মানুষের বেশির ভাগই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন। পৌরসভা ও সদর উপজেলার আলোকদিয়া ও শংকরচন্দ্র ইউনিয়ন এলাকায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়া মানুষগুলোকে নিয়ে সার্কিট হাউসে এই ঈদ আনন্দ আয়োজন করা হলো।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ভিক্ষাবৃত্তির মতো ঘৃণিত পেশা ছেড়ে আসা মানুষগুলোকে সামাজিক মর্যাদা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবার রোজায় তাঁদের সঙ্গে জেলাজুড়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিনে সার্কিট হাউসে ডেকে এনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। পুনর্বাসিত এসব মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি সমাজের প্রতিষ্ঠিত মানুষের পাশাপাশি বসা ও খাওয়ার সুযোগ পাওয়া এই মানুষগুলো ভবিষ্যতে আর ভিক্ষাবৃত্তিতে যেতে পারেন না।’
জেলা প্রশাসনের এই বিশেষ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান ও আলোকদিয়া ইউপির চেয়ারম্যান ইসলাম উদ্দীন।