পেটানোর পর বস্তায় ভরে পাহাড় থেকে নিক্ষেপ!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলামকে পিটিয়ে বস্তায় ভরে লালমাই পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে ছাত্রশিবিরের পক্ষ থেকে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। একই সঙ্গে গতকাল সোমবার সংগঠনটি শহরে সংবাদ সম্মেলন করে। তারা কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। আহত সাইফুল ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। ৯ এপ্রিল রাতে তাঁর ওপর হামলা করা হয় বলে জানা গেছে। ছাত্রশিবিরের কুমিল্লা শহর শাখার সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান জানান, ৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১০৪ নম্বর কক্ষে ছাত্রলীগের হল শাখার সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী হামলা চালান। তাঁরা নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যান। এতে বাধা দিলে শিবিরের নেতা সাইফুল ইসলামকে ছাত্রলীগের নেতা তৌহিদুল ইসলাম, ফাহিম, জ্যোতির্ময় জয়, মাহমুদ প্রিন্সসহ অন্যরা হলের লাগোয়া লালমাই পাহাড়ে নিয়ে যান। সেখানে তাঁকে পিটিয়ে চটের বস্তায় ভরে লালমাই পাহাড় থেকে ১৫-২০ ফুট নিচে ফেলে দিয়ে তাঁরা চলে যান। পরে হলের অন্য ছাত্ররা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই রাতেই ভর্তি করেন। বর্তমানে সাইফুল কুমিল্লা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সাইফুল বাদী হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা করেছেন। এদিকে ওই ঘটনার প্রতিবাদে ছাত্রশিবির গতকাল সোমবার সকালে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন শেষে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘২০০৯ সালের ৯ আগস্ট, ১৫ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং সর্বশেষ চলতি বছরের ৯ এপ্রিল রাতে ছাত্রলীগ আমাদের ওপর চার দফা হামলা চালায়।’ অভিযোগের ব্যাপারে শহীদ ধীরেন্দ্রনাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি গত রোববার দুপুরে জানতে পেরেছি। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এর সঙ্গে জড়িত নয়।’হলের প্রাধ্যক্ষ এ কে এম রায়হান উদ্দিন বলেন, ‘আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তার পরও ঘটনাটি জানার জন্য হলে গিয়ে দুই দফা ঘুরে এসেছি। কেউ কিছু বলেনি।’