পেটানোর হুমকি, প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পালগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যবসায়ীকে পিটিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ওই হামলা চালায়। এ ছাড়া গ্রামের অন্য সংখ্যালঘুদেরও পর্যায়ক্রমে পেটানোর হুমকি দেওয়া হয়েছে।এর প্রতিবাদে গত শুক্রবার পালগ্রামের সর্বজনীন দুর্গাবাড়িতে সভা করা হয়েছে। পালগ্রাম সর্বজনীন দুর্গাবাড়ি কমিটির সভাপতি নিলু পালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ছাড়াও জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ২২ অক্টোবর রাতে স্থানীয় বানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার পথে পালগ্রাম সর্বজনীন দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নিবারণ পালকে পিটিয়ে তাঁর বাম পা ভেঙে দেওয়া হয়। একই গ্রামের নান্টু পালকেও পথরোধ করে পেটানো হয়। অন্যদেরও পেটানোর হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের উচিত দ্রুত এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া।নির্যাতনের শিকার নিবারণ বলেন, গত ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিদ আলী ও সদস্য পদে জাতীয় পার্টির কর্মী জহির উদ্দীন পরাজিত হন। এর জেরে তাঁদের সমর্থকেরা রাতের অন্ধকারে তাঁর ওপর হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে আশিদ আলী গতকাল শনিবার রাতে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমিও চাই নিবারণের পা কারা ভেঙে দিছে, তা তদন্ত করে বের করা হোক।’ জহির উদ্দিনের মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।