পেটে গজ রেখেই সেলাই: নয় লাখ টাকা পেলেন মাকসুদা
অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর বরিশালে এক নারীর পেট থেকে গজ বের করে আনার ঘটনায় ক্ষতিগ্রস্ত মাকসুদা বেগমকে নয় লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে বাউফলের নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষ চার লাখ টাকা এবং অস্ত্রোপচারকারী ভুয়া চিকিৎসক রাজন দাস (প্রকৃত নাম অর্জুন চক্রবর্তী) পাঁচ লাখ টাকা দিয়েছেন।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গত ২৮ ফেব্রুয়ারি এমন তথ্য জানান তাঁদের আইনজীবীরা। পরবর্তী আদেশের জন্য আগামী ২৭ মে দিন রাখা হয়েছে।
গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে ওই ক্লিনিক কর্তৃপক্ষকে চার লাখ টাকা এবং অস্ত্রোপচারকারী ভুয়া চিকিৎসককে পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দেন। ওই অর্থ পরিশোধ করে তাঁদের হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলে আদালত ২৮ ফেব্রুয়ারি আদেশের দিন রাখেন। এর ধারাবাহিকতায় সেদিন বিষয়টি ওঠে।
ক্ষতিগ্রস্ত ওই নারীর আইনজীবী ইমরান এ সিদ্দিক আজ প্রথম আলোকে বলেন, ওই অর্থ পরিশোধ করে ক্লিনিক কর্তৃপক্ষকে ২৮ ফেব্রুয়ারি এবং ভুয়া চিকিৎসককে ২৫ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নয় লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে ২৮ ফেব্রুয়ারি নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষ ও ভুয়া চিকিৎসকের আইনজীবী আদালতে জানান। মাকসুদাও ওই অর্থ পেয়েছেন বলে জানিয়েছেন। হাইকোর্ট ২৭ মে পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন।
‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হল গজ!’ শিরোনামে ২২ জুলাই প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়, যা পরদিন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা। সেদিন শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। পরে পটুয়াখালীর সিভিল সার্জনের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারকারী রাজন দাস প্রকৃত নিবন্ধিত চিকিৎসক নন। রাজন দাসের নামের জায়গায় নিজের ছবি দিয়ে অস্ত্রোপচারকারী রাজন নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিচ্ছেন।
পরে গত ১৬ নভেম্বর অস্ত্রোপচারকারী রাজন দাসকে আটক করে ১০ ডিসেম্বর আদালতে হাজির করতে নির্দেশ দেন। ১১ ডিসেম্বর কথিত রাজন দাস আদালতে হাজির হন। সেদিন তিনি আদালত বলেন, তাঁর নাম অর্জুন চক্রবর্তী, তিনি অস্ত্রোপচার করেছেন। শুনানি নিয়ে সেদিন আদালত কথিত রাজন দাসকে ওই ঘটনায় ইতিপূর্বে বাউফল থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহবাগ থানায় সোপর্দ করতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দেন।