পেটে টিউমার না পেয়ে রোগী ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি অনুমোদনহীন ক্লিনিকে কালু সরদার (৮০) নামের এক রোগীর পেটের টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের চেষ্টা করা হয়। চিকিৎসক টিউমারের অবস্থান খুঁজে না পেয়ে ক্ষতস্থান ব্যান্ডেজ করে দেন।গত সোমবার সকালে উপজেলার ডামুড্যা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়।রোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডামুড্যা উপজেলার বড় শিধল কুড়া গ্রামের কালু সরদার ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। আলট্রাসনোগ্রামের পর চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম তাঁর পেটে অস্ত্রোপচার করা প্রয়োজন বলে জানান। এ জন্য ১০ হাজার টাকায় চুক্তি হয় চিকিৎসকের সঙ্গে। সোমবার সকাল নয়টায় চার হাজার টাকা অগ্রিম নিয়ে চিকিৎসক রোগীকে ডামুড্যা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে অস্ত্রোপচার শুরু করেন। কিন্তু টিউমারের সন্ধান না পেয়ে ক্ষতস্থান ব্যান্ডেজ করে চিকিৎসক ক্লিনিক থেকে চলে যান। পরে ক্লিনিক কর্তৃপক্ষ কালু সরদারকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদরের হাওলাদার ক্লিনিকে দ্রুত ভর্তি করান।ডামুড্যা ডায়াগনস্টিক সেন্টারটির ক্লিনিক পরিচালনার কোনো অনুমোদন নেই বলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে। এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, ‘আলট্রাসনোগ্রাম প্রতিবেদন দেখে মনে হয়েছে চামড়ার নিচে টিউমারটি রয়েছে। অস্ত্রোপচার শুরু করে দেখি, টিউমারের অবস্থান মাংসের নিচে, পেটের ভেতরে। তখন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।’ডামুড্যা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা ক্লিনিকের অনুমোদনের জন্য আবেদন করেছি। এখনো অনুমোদন পাইনি। সোমবার একটি অস্ত্রোপচার নিয়ে জটিলতা তৈরি হয়। আমরা তাৎক্ষণিকভাবে রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করি। রোগীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন আমরা করছি।’যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন আবদুল ওহাব হাওলাদার জানান, ডামুড্যার ওই ক্লিনিকটির অনুমোদন নেই। রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।