পেটেন্ট আইন লঙ্ঘন করে ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটেন্ট আইন লঙ্ঘন করে মাশরুম জুস উৎপাদনের একটি পদ্ধতি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিরুদ্ধে। পদ্ধতিটির উদ্ভাবক দাবিদার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মোস্তফা কামাল বিসিএসআইআরের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।
অধ্যাপক কামাল অভিযোগ করেন, তিনি ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে পিএইচডি গবেষণায় মাশরুম জুস উৎপাদন পদ্ধতিটি আবিষ্কার করেন। সে সময় তিনি বিসিএসআইআরের খাদ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের খাদ্য অণুজীব বিজ্ঞান গবেষণাগারের সাহায্যে গবেষণাটি করেন। এরপর ২০১০ সালে তিনি পদ্ধতিটি তাঁর নামে পেটেন্ট করেন।
আবু সালেহ মোস্তফা কামালের অভিযোগ, ২০১২ সালে বিসিএসআইআর তার পদ্ধতিটি ওরিয়ন ফুডস ও মেসার্স লাইফ ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে দেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে ২০১২ সালের ৭ অক্টোবর বিসিএসআইআরের চেয়ারম্যান বরাবর আবেদন করলে বিসিএসআইআরের পক্ষ থেকে জানানো হয়, ইজারা দেওয়ার পদ্ধতিটি ড. কামালের পদ্ধতিটির সমরূপ নয়। এরপর আইনি নোটিশ পাঠালে বিসিএসআইআরের পক্ষ থেকে এর কোনো জবাব দেওয়া হয়নি। সর্বশেষ গত ৬ জুন প্রতিকার চেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন তিনি।
এ বিষয়ে বিসিএসআইআরের জ্যেষ্ঠ শিল্প সমন্বয়কারী কর্মকর্তা হোসেন মোহাম্মদ মাসুদ পদ্ধতিটি ইজারা দেওয়া হয়েছে বলে জানান। পদ্ধতিটি ইজারা দেওয়ার সময় পেটেন্টের বিষয়টি তাঁদের জানা ছিল না বলে জানান। তিনি বলেন, বর্তমানে বিষয়টি মীমাংসার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে রয়েছে। এ গবেষণায় ড. কামালের সঙ্গে অন্য যাঁরা ছিলেন তাঁদের বক্তব্যের জন্যও চিঠি দেওয়া হয়েছে। সবার মতামত নিয়ে এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল-আলম বলেন, কারও পেটেন্ট করা পদ্ধতি এভাবে ইজারা দেওয়া আইনসিদ্ধ নয়। ড. কামাল বিসিএসআইআরের চাকরিজীবী নন, পাশাপাশি গবেষণাগারে কাজ করার অনুমতি দেওয়ার সময়ও গবেষণাসংশ্লিষ্টদের স্বীকৃতি দেওয়ার কোনো শর্ত ছিল না। তাই তাঁরা এখন পদ্ধতিটি তাঁদের বলে দাবি করতে পারেন না।