পেটের কাছে হেরে যায় নাড়ির বন্ধন!

হাজেরা। মুখে সামনের দিকে দু-একটি ছাড়া প্রায় সব দাঁত পড়ে গেছে। ছানি পড়ে প্রায় ঝাপসা দুই চোখ। সেই চোখের পানি মুছতে মুছতে বললেন, ‘মা ম্যালা (অনেক) ভাত খায়। ছাওয়ালের (সন্তানের) কাছে মায়ের পেট অনেক বড় মনে হয়। তাই...।’ সন্তানেরা দেখে না, ভাত-কাপড় দেয় না বলেই এই মা তিন বছর ধরে কুষ্টিয়ার মজমপুরে একটি বৃদ্ধাশ্রমে আছেন। চার ছেলের মা এই বৃদ্ধা বললেন, ‘ছাওয়ালের বউ, বাচ্চাকাচ্চা কারও সমস্যা হয় না। শুধু সমস্যা হয় মায়ের পেটের ভাতের জোগান দিতে।’ তবে এই মায়ের মুখ থেকে এই আক্ষেপ শুনতে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। শুরুতে বলছিলেন, ‘ছেলেদের দোষ নেই, তাদেরই সংসার চলে না।’ কিন্তু একসময় নিজেকে আর ধরে রাখতে না পেরে কষ্টের ঝাঁপি খুলে দেন। পেটের সন্তানদের মন্দ দিকগুলো বলতেও যে কলিজা ফেটে যাচ্ছিল মায়ের।
ততক্ষণে বৃদ্ধাশ্রমের অন্য মায়েদের চোখ থেকেও অঝোরে পানি গড়িয়ে পড়ছে। তাঁদের সবার জীবনের গল্প প্রায় একই রকম।
কুষ্টিয়ার পূর্ব মজমপুরে সার্কিট হাউসের বিপরীত পাশে ওপরে টিন দেওয়া একতলা লম্বা একটি বাড়ি। বাড়ির সামনে বড় বড় ঘাস। বারান্দায় নীল, সবুজ রঙের কিছু কাপড় ঝুলছে। ভেতরটা প্রায় অন্ধকার। বারান্দায় গ্রিলের বাইরে একটি সাইনবোর্ডে লেখা বৃদ্ধ মায়েদের পুনর্বাসনকেন্দ্র। সংস্থার নামের সঙ্গে মিল রেখে কেন্দ্রের নাম রাখা হয়েছে উদয় বৃদ্ধ মায়েদের পুনর্বাসনকেন্দ্র।
উদয় সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতিখার হোসেন বললেন, এ সংস্থার মূল উদ্দেশ্য আশ্রমে মাকে আটকে রাখা নয়, বরং মায়ের যে কী গুরুত্ব তা বুঝিয়ে দেওয়া এবং সন্তানেরাই যাতে পরবর্তী সময়ে মাকে সংসারে ফিরিয়ে নিয়ে যায়, সে ধরনের পরিবেশ তৈরি করা।
এ আশ্রয়কেন্দ্রে ২০ জন মায়ের থাকার ব্যবস্থা আছে। গড়ে প্রায় ১০ থেকে ১২ জন মা এ কেন্দ্রে নিয়মিত থাকেন।
কেন্দ্রের আরেকজন মা ফাতেমা জানালেন, ১৯৭২ সালে তাঁর স্বামী মারা যান। তারপর ভিক্ষা করে, মানুষের কাছে চেয়ে-চিন্তে তিন সন্তানের মুখে খাবার তুলে দিয়ে তাঁদের বড় করেন। এখন সেই সন্তানদের সামনেই ছেলের বউরা বলে, ‘বসে বসে এক গামলা ভাত খায়, কাজ করতে পারে না।’ ছেলেরা কিছু বলে না। শেষমেশ এই কেন্দ্রে আশ্রয় হয়েছে তাঁর।
আরেকজন মা আসিয়া জানালেন, বড় ছেলে একবার গলা টিপে ধরেছিল। ছেলের বউ ভাতের প্লেটে ছাঁই ঢেলে দিত। তবু এই মায়ের চোখেই খুশির ঝিলিক। বললেন, ‘আমি চলে আসাতে আমার ভাগের ভাতটুকু নাতিরা পেট ভরে খাইতে পারতেছে।’
২০১১ সালে এ বৃদ্ধাশ্রমটি যাত্রা শুরু করে। কুষ্টিয়া জেলা প্রশাসনের একটি তহবিল থেকে এই মায়েদের খাবারের চাল সরবরাহ করা হচ্ছে। জেলার লেডিস ক্লাবসহ কয়েকটি সংস্থাও সহায়তা করছে।
বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আফরোজা ইসলাম বলেন, মায়েরা কেন্দ্রের চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালককে মা ও বাবা বলে ডাকেন। অনেকে মৃত্যুর পর তাঁকে কোথায় কবর দিতে হবে, তা-ও এই নতুন বাবা ও মার কাছে বায়না করে রেখেছেন। মৃত্যুর পর সন্তানেরা এসে কবর দেবে সে ভরসাটুকুও পান না এই মায়েরা।
কেন্দ্রটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতিখার হোসেন জানালেন, আবার নিজেদের ভুল বুঝতে পারায় এ পর্যন্ত প্রায় ২০ জন মাকে ফিরিয়ে নিয়ে গেছেন তাঁদের সন্তানেরা।