‘হুনি সরকার চাউল দ্যায়, কিন্তুক গেল দুই বছর কোনো চাউল পাইনয়। এডি ন্যাতাগো লোকজনে পায়, আমরা মরি উয়াশে (ক্ষুধায়)। হ্যার লাইগ্যা চুরি-চামারি কইর্যা দুগা মাছ দরি। প্যাডের বোক (ক্ষুধা) তো মিডান লাগব।’ ক্ষোভে-দুঃখে এসব কথা বলেন ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটের জেলে মো. জাহাঙ্গীর আলম। একই ধরনের ক্ষোভ অন্য জেলেদেরও।তাই জাটকা সংরক্ষণের দুই মাস (মার্চ-এপ্রিল) মেঘনা-তেঁতুলিয়ার ২০০ কিলোমিটার জলসীমায় জাল ফেলা নিষিদ্ধ হলেও জেলেরা তা মানছেন না। দিনে-রাতে সমানে তাঁরা জাটকা শিকার করছেন।ভোলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ভোলায় ৪০ হাজার ৩৭২টি জেলে পরিবারের সংসার চালানোর জন্য চার মাস (ফেব্রুয়ারি-মে) ২০ কেজি করে ৮০ কেজি চাল ও অতি গরিব ২০০ জেলে পরিবারকে পুনর্বাসনের জন্য সাত হাজার থেকে ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ১ ফেব্রুয়ারি ওই চাল জেলেদের মধ্যে বিতরণ করার কথা।অনুসন্ধানে জানা গেছে, বিগত সময়ে চাল বিতরণে অনিয়ম হওয়ার কারণে এ বছর মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট একটি জেলে বাছাই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান পদাধিকারবলে ওই কমিটির সভাপতি ও ইউনিয়ন সচিব কমিটির সদস্যসচিব। বাকি নয়জন সদস্য। জানা গেছে, ওই নয়জন সদস্যই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। তবে এর মধ্যে একজন জেলে প্রতিনিধি আছেন। চেয়ারম্যানদের সঙ্গে অন্য সদস্যদের বিরোধের কারণে জেলেদের চূড়ান্ত তালিকা উপজেলায় পাঠানো হচ্ছে না। চূড়ান্ত তালিকা পাস করবে উপজেলা কমিটি। কিন্তু ভোলায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানের সঙ্গে কমিটির অন্য সদস্যদের দ্বন্দ্বের কারণে জেলেরা চাল পাচ্ছেন না।সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে তিন হাজার ৬৭০ জন জেলে। এর মধ্যে সরকারি কোটা অনুযায়ী ৮৪৫ জন এই বছর চাল পাবেন। জেলে বাছাই কমিটির সদস্যরা ওই চূড়ান্ত তালিকায় স্বাক্ষর করলেও দুজন করেননি। এ কারণে ভেদুরিয়া ইউনিয়নের জেলেরা এখনো চাল পাচ্ছেন না। ওই দুই সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হাই এবং সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান। তাঁরা জানান, কমিটির সভাপতি-সম্পাদক জেলে প্রতিনিধি কাবিল আহমেদ ব্যাপারী সঠিকভাবে তালিকা করেননি। এ জন্য তাঁরা স্বাক্ষর করছেন না।কাবিল আহমেদ ব্যাপারী বলেন, ‘গত বছর আওয়ামী লীগের এই নেতারা চেয়ারম্যানকে জিম্মি করে টাকা খেয়ে মুদি দোকানদার ও ফল বিক্রেতাকে চাল দিয়েছেন। কিন্তু প্রকৃত জেলেরা চাল পাননি। আমরা এবার সঠিকভাবে চূড়ান্ত তালিকা করেছি। দুর্নীতির সুযোগ না পেয়ে তাঁরা তালিকায় স্বাক্ষর করছেন না এবং চেয়ারম্যানকে চূড়ান্ত তালিকা উপজেলায় পাঠাতে দিচ্ছেন না।’সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জেলে প্রতিনিধি সাইদুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সেলিম মোল্লাসহ নয়জন সদস্য চূড়ান্ত তালিকা তৈরি করেছেন। কিন্তু ইউপি চেয়ারম্যান তা পাস করে উপজেলায় পাঠাচ্ছেন না।চেয়ারম্যান মো. সিরাজ বলেন, ‘জেলে বাছাই কমিটির সদস্যরা যে কমিটি করেছেন, তাতে চেয়ারম্যান-মেম্বার ও সদস্যসচিবের মতামত গ্রহণ করা হয়নি। এ জন্য ওই তালিকায় স্বাক্ষর দিইনি।’লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যসচিবের স্বাক্ষর ছাড়াই কমিটির সদস্যরা তালিকা উপজেলায় পাঠিয়ে দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদ তা পাস করেনি। ফলে ইউনিয়নের জেলেরা এখনো চাল পাননি।ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু বলেন, ‘নেতারা জেলেদের তালিকা নিয়ে জটিলতা সৃষ্টি করছেন না। কারণ প্রতিটি ইউনিয়নে জবাবদিহিমূলক কমিটি হয়েছে। দ্রুতই চাল বিতরণ করা হবে।’ দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তালিকা নিয়ে একটু জটিলতা আছে। তার পরও দু-একটি ইউনিয়নের চাল বিতরণের আদেশ হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক জানান, জেলেদের তালিকার বিষয়টি চেয়ারম্যান ও প্রশাসনের। এটা কেন বিলম্ব হয় তা ওনারাই ভালো বলতে পারবেন।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘কেন জেলেরা মৎস্য ভিজিএফের চাল পাচ্ছেন না, তা খতিয়ে দেখব।’