পেটের পীড়ায় ৩২ শ্রমিক হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার রাজউকের আবাসিক ভবন প্রকল্পের ৩২ জন শ্রমিক গতকাল রোববার রাত আটটার দিকে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পেটব্যথা নিয়ে দুই ধাপে মোট ৩২ জন শ্রমিক ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি হন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খুদা প্রথম আলোকে বলেন, রাতে ডিম আর আলুভর্তা দিয়ে ভাত খেয়েছিলেন রাজউকের প্রকল্পে কর্মরত শ্রমিকেরা। খাদ্যে বিষক্রিয়ার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। দিবাগত রাত দেড়টার দিকে খবর পেয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা আজ সোমবার সকালে হাসপাতাল ছেড়ে যান। তাঁরা সবাই আশঙ্কামুক্ত। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।