পেট্রল ও অকটেন নেই কুড়িগ্রামের পাম্পগুলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের পেট্রলপাম্পগুলো পেট্রল ও অকটেনশূন্য হয়ে পড়েছে। সরবরাহে ঘাটতি থাকায় গতকাল শনিবার সকাল থেকে পাম্পগুলোতে এসব জ্বালানি তেলের সংকট দেখা দেয়। সকাল থেকে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ পেট্রলচালিত বিভিন্ন যানবাহনের চালকেরা পাম্পগুলোতে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুরে এসএস ফিলিংস্টেশনে পেট্রল আছে, কিন্তু মালিক বিক্রি করছেন না—এ খবর পেয়ে শত শত মোটরসাইকেল পেট্রলের জন্য এই ফিলিংস্টেশনে ভিড় করলে হাঙ্গামার সৃষ্টি হয়। এসএস ফিলিংস্টেশনের মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমার পাম্পে কোনো পেট্রল নেই। নদীতে ফেরি আটকে যাওয়ায় ডিপো থেকে তেলের সরবরাহ পাচ্ছি না।’গতকাল সকাল ১০টার পর শহরের পনির অ্যান্ড সন্স ফিলিংস্টেশনটি পেট্রলশূন্য হয়ে যায়। এই ফিলিংস্টেশনের ম্যানেজার তাপস কুমার জানান, তাঁদের তেলবাহী লরি পার্বতীপুরে গিয়ে আটকে আছে। রেলের তেলবাহী ট্রেন আসতে বিলম্ব হওয়ায় ডিপো থেকে পেট্রল ও অকটেন সরবরাহ পাওয়া যাচ্ছে না। সোমবারের আগে এই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।