পেট্রল ঢেলে আগুন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বিরোধ হয়েছিল সামান্য ক্রিকেট খেলা নিয়ে। এর জের ধরেই প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর। প্রতিপক্ষ শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ায় এহতেশামুল হক ওরফে শাওন (১৬) নামের ওই পরীক্ষার্থী গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
এহতেশামুল সিলেট নগরের ওসমানী মেডিকেল কলোনি এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে। সে এ বছর সিলেট নগরের আল রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার সহপাঠী ও মেডিকেল কলোনির বাসিন্দারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চারটা থেকে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার দুপুরে ব্যবহারিক পরীক্ষার সময় জানতে বাসা থেকে বের হয় এহতেশামুল। পথে মুন্সিপাড়া এলাকার ছয়জন (হাসান, সম্রাট, সামি, মামুন, কবীর ও স্বপন) মারধর করে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মাস আগে তাদের সঙ্গে তার ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। এর জের ধরেই তারা তার ওপর হামলা চালায়।
এহতেশামুলের বাবা এনামুল হক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আড়াইটায় এহতেশামুল মারা যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় এহতেশামুলের বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এদের মধ্যে হাসান, সম্রাট, মামুন ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।