পেট্রলপাম্প গিলছে শহীদ মিনার
চারদিক দখল হয়ে যাওয়ায় শহীদ মিনারটি এখন প্রায় দুই ফুট নিচে পড়ে গেছে। এর চত্বরের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে একটি পেট্রলপাম্প। শুক্রবার পাম্পটি চালু করা হয়েছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, জমি দখলের পর এখন হয়তো শহীদ মিনারটিই উচ্ছেদ করা হবে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় সরকারি জমিতে ২০০৩ সালে স্থানীয় লোকজন এই শহীদ মিনারটি নির্মাণ করেন।অনুসন্ধানে জানা গেছে, শহীদ মিনারের জমির ৭ শতাংশ এক নম্বর খাসখতিয়ানের এবং ৫৮ শতাংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। সরকারি এই ৬৫ শতাংশ জমির পাশে পেট্রলপাম্প মালিকদের মালিকানাধীন ২০ শতাংশ জমি আছে। তাঁরা সওজ থেকে ২৬ শতাংশ জমি ইজারা নিয়েছেন। আর বাকিটা দখল করে পুরো জায়গায় পেট্রলপাম্প করা হয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বিরোধের কারণে পাম্পের নির্মাণকাজ দুই মাস বন্ধ ছিল। যৌথ মালিকানায় এই পাম্প তৈরি করেছেন আলমগীর হোসেন, আলতাব হোসেন, মো. শাজাহান ও এনামুল হক। তাঁদের বাড়ি পুঠিয়ার জামিরা গ্রামে। নাম প্রকাশ করতে চান না এমন একজন যুবক বলেন, ‘এই শহীদ মিনারে যথারীতি স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে লোকজন শ্রদ্ধা নিবেদন করতেন। গত স্বাধীনতা দিবসে এখানে স্থানীয় লোকজন শ্রদ্ধা নিবেদন করতে পারেননি। কারণ, শহীদ মিনারের চার পাশ বালুতে ভরা ছিল। তাঁরা কোথায় ফুল দেবেন; আর কোথায় দাঁড়াবেন। এলাকাবাসী আশঙ্কা করছেন, ভবিষ্যতে এই শহীদ মিনারটি থাকবে না। গতকাল শনিবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, বালু দিয়ে চার পাশ এমনভাবে উঁচু করা হয়েছে যে, শহীদ মিনারটি প্রায় দুই ফুট নিচে পড়ে গেছে। পাম্পের কর্মচারী বাবলু বলেন, এখানে মাদকাসক্তদের আখড়া ছিল। তাঁরা শহীদ মিনারটি পরিষ্কার করছেন; চারদিক পাইপ দিয়ে ঘিরে দিয়েছেন। ভবিষ্যতে শহীদ মিনারটি উঁচু করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। পেট্রলপাম্পের অন্যতম মালিক আলমগীর হোসেন। কয়েক মাস আগে তাঁর কাছে তাঁদের জমির পরিমাণ জানতে চাইলে তিনি বলেছিলেন, মাপ নাই তবে ৮২/৮৫ শতাংশ হতে পারে। তিনি জানান, ৭ শতাংশ খাসজমি ইজারা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। আর বাকিটুকু সড়ক ও জনপথ বিভাগ থেকে ১৫ বছরের জন্য ইজারা নিয়েছেন। শহীদ মিনারের ব্যাপারে আলমগীর বলেছিলেন, ‘এটা জাতীয় জিনিস। আমরা সেটাকে চারদিক থেকে ঘিরে দেব। তাতে শহীদ মিনারে যাতায়াতে মানুষের কোনো অসুবিধা হবে না।’ এ ব্যাপারে জানতে চাইলে সওজ রাজশাহী সার্কেলের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘তাঁদের সবটুকু জমি ইজারা দেওয়া হয়নি। মাত্র ২০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়েছে।’ তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।