ঝিনাইদহের খড়িখালীতে নির্মাণাধীন ইয়াফাদ ফিলিংস্টেশনে যানবাহন আসা-যাওয়ার জন্য মহাসড়কের ধার থেকে ৩১টি গাছ কাটা হচ্ছে। গাছগুলো কাটার অনুমতি দিয়েছে বন বিভাগ।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, ফিলিংস্টেশনে গাড়ি ঢোকা ও বের হওয়ার জন্য এতগুলো গাছ কাটার প্রয়োজন ছিল না।
কালীগঞ্জ উপজেলার তৈলকূপ গ্রামের আবদুল মতিন এই পাম্প স্থাপন করছেন। মহাসড়কের কাছ ঘেঁষে পাম্পের এলাকা প্রায় ১৫০ ফুট। এই জায়গায় বন বিভাগের ৩১টি বিভিন্ন জাতের ও আকারের গাছ আছে।
নির্মাণকাজে জড়িত এক ব্যক্তি বলেন, পাম্পে গাড়ির আসা-যাওয়া শুধু নয়, পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ সব গাছ কাটার চেষ্টা করে। তবে বন বিভাগ ১৫০ ফুট জায়গার ৩১টি গাছ কাটার অনুমতি দেয়।
ঝিনাইদহ অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা লিয়াকত আলী মিয়াজী বলেন, পাম্প কর্তৃপক্ষ আবেদন করলে তাঁরা সেটি জেলা বন সংরক্ষণ কমিটিতে পাঠান। সেখানে অনুমোদন পাওয়ার পর দরপত্রের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাম্পের মালিক আবদুল মতিনের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে থাকা তোফাজ্জেল হোসেন জানান, তাঁরা গাছ কাটার আবেদন করেছিলেন। বন বিভাগ কাটার ব্যবস্থা করেছে।
ঝিনাইদহ সদর উপজেলা বন সংরক্ষণ কমিটির সভাপতি ও ইউএনও জুলকার নাইন জানান, পেট্রলপাম্প তৈরির প্রয়োজনে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
এলাকার বাসিন্দা রফি উদ্দিন অভিযোগ করেন, যেখানে পাম্পটি নির্মাণ করা হচ্ছে, তার পাশেই আছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। দোকানগুলো ঘিরে গড়ে উঠেছে ছোট একটি বাজার। সব গাছ কেটে নেওয়ায় এলাকাটি ফাঁকা হয়ে গেছে। পেট্রলপাম্পে গাড়ি আসা-যাওয়ার জন্য দুই পাশ থেকে কয়েকটি গাছ কেটে মাঝের গাছগুলো রাখলেই হতো।