জ্বালানি তেল বিক্রির কমিশন বর্তমানের দুই শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা, পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়া এবং তেল বহনকালে ট্যাংকলরিতে পুলিশের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবিতে আজ রোববার আধাবেলা প্রতীকী ধর্মঘট পালন করবেন পেট্রলপাম্প ও ট্যাংকলরির মালিক-শ্রমিকেরা।বাংলাদেশ পেট্রলপাম্প ট্যাংকলরি মালিক ও শ্রমিক-কর্মচারী ঐক্য কাউন্সিল গত ২৮ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘট পালনের ঘোষণা দেয়। এর মধ্যে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আলাপ-আলোচনার উদ্যোগ না নেওয়ায় আজ ধর্মঘট পালন করা হচ্ছে।ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ধর্মঘটের অংশ হিসেবে আজ সারা দেশে তেল উত্তোলন, পরিবহন ও পাম্পে তেল বিক্রি আধাবেলা (সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) বন্ধ থাকবে। তবে সিএনজি স্টেশনগুলো এই ধর্মঘটের আওতায় পড়বে না।১৩ দফার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেলে ভেজাল মেশানো বন্ধে ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, পাম্পে ডাকাতি বন্ধে বিশেষ বিবেচনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, পেট্রলপাম্প খাতের জন্য নীতিমালা করা, ট্যাংকলরির ভাড়া বাড়ানো প্রভৃতি। আজকের ধর্মঘটের পর কাল সোমবার কাউন্সিলের নেতারা পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য বৈঠকে বসবেন বলে জানা গেছে।