পেট্রলপাম্পে আগুন চারজন দগ্ধ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদরের বাজারসংলগ্ন মেসার্স শফিউদ্দীন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ওই পেট্রলপাম্পে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে প্রতিষ্ঠানটির মালিক পৌর এলাকার নগরকান্দা মহল্লার এম এম সিদ্দিকুর রহমান, তাঁর ভাই মাসুদুর রহমান এবং কর্মচারী মিরাজ হোসেন ও ওমর মুন্সি দগ্ধ হন।
পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইলিয়াস হোসেন বলেন, ভূ-গর্ভস্থ তেলের খালি ট্যাংকটির মুখ খুলে বৈদ্যুতিক বাল্ব দিয়ে ট্যাংকের ভেতরে পর্যবেক্ষণ করা হচ্ছিল। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ওই চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাম্পের মালিক সিদ্দিকুর রহমানের ভাগিনা হাবিবুর রহমান জানান, আগুনে সিদ্দিকুরের মুখমণ্ডল, মাসুদুরের মুখমণ্ডলের ডান পাশ ও ডান হাত, কর্মচারী ওমর ও মিরাজের মুখমণ্ডল এবং ডান হাত ঝলসে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।