পেট্রলপাম্পে আগুন, পুড়েছে চারটি ট্রাক
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের আবদুল মতিন পেট্রলপাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাম্পে থাকা একটি তেলের লরিসহ চারটি ট্রাক পুড়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ দগ্ধ হননি।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বাস টার্মিনাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ লোকজনের তোপের মুখে পড়েন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাম্পের মালিক রাজু আহম্মেদ (৩০) এবং স্থানীয় মো. রশিদ (২২), কামাল হোসেন (২৫) ও নজরুল ইসলাম (৪৫) আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আগুনে পাম্পের পাশে অবস্থিত মেহেরুননেচ্ছা হাসপাতালের রোগী ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়া করে নামতে নিয়ে আছমাবেগম (২৭) নামের এক রোগী আহত হন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে তেলের পাম্পে থাকা তিনটি ট্রাকসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
পেট্রলপাম্পের মালিক রাজু আহম্মেদ বলেন, হঠাৎ করে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো পাম্প এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পাম্পের ট্যাংকে কয়েক হাজার লিটার তেল ছিল।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহম্মেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সড়কে যানজট থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।