পেট্রলপাম্পে কর্মবিরতির হুমকি
ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল ও কমিশন বাড়ানোসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ২৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ওই দিন সারা দেশে কর্মবিরতির হুমকি দিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ওই দিন দেশের সব পেট্রলপাম্পে সকাল ছয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত ধর্মঘট চলবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন ও বিপণনও বন্ধ থাকবে। এরপরও দাবি পূরণ না হলে টানা কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।
ঐক্য পরিষদের নেতারা বলেন, কমিশন বৃদ্ধিসহ এই ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি।
ঐক্য পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, লরি শ্রমিকদের জন্য পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমাসুবিধা, ফেরিঘাটে ট্যাংকলরি পারাপারে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।