পেট্রলপাম্পে ঢুকে কর্মচারীদের পিটিয়েছেন ছাত্রলীগের নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের নেতা পরিচয় দানকারী যুবকেরা গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পরীবাগের একটি পেট্রলপাম্পে ঢুকে কর্মচারীদের পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার পর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কিছু যুবক গাড়িতে গ্যাস নিতে উল্টোপথ দিয়ে পরীবাগের পেট্রলপাম্পটিতে ঢোকেন। তাঁদের একজন নাজিমউদ্দিন বাবুল, অন্যরা নিজেদের ধানমন্ডি থানা ছাত্রলীগের নেতা বলে পরিচয় দেন। উল্টোদিক দিয়ে পেট্রলপাম্পে ঢোকা নিয়ে ছাত্রলীগের নেতা পরিচয় দানকারীদের সঙ্গে পাম্পের কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা পেট্রলপাম্পের কয়েকজন কর্মীকে মারধর করে চলে যান। ওসি বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে পেট্রলপাম্পের ব্যবস্থাপক খোকন মিয়া শাহবাগ থানায় জিডি করেন।