জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ায় পেট্রলপাম্প ও ট্যাংকলরির ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।গতকাল সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঐক্য পরিষদের নেতাদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক এ ঘোষণা দেন। বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে বৈঠক চলে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত।সংবাদ ব্রিফিংয়ে জ্বালানিসচিব মেজবাহউদ্দিন কমিশন বৃদ্ধির চিত্র তুলে ধরে বলেন, ডিজেলে প্রতি লিটারে কমিশন ২৫ পয়সা বাড়িয়ে এক টাকা ৭০ পয়সা, অকটেনে ৫১ পয়সা বাড়িয়ে তিন টাকা ৫০ পয়সা, পেট্রলে ৪৯ পয়সা বাড়িয়ে তিন টাকা ৩৬ পয়সা এবং কেরোসিনে ২০ পয়সা বাড়িয়ে ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ট্যাংকলরির ভাড়া ৪০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা করে বাড়ানো হয়েছে। আর ৪০ কিলোমিটারের বাইরের ক্ষেত্রেও কিছু বাড়ানো হয়েছে। ঐক্য পরিষদ নয় দফা দাবিতে গত রোববার থেকে সারা দেশে পেট্রলপাম্প ও ট্যাংকলরিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। সংবাদ ব্রিফিংয়ে পরিষদের আহ্বায়ক বলেন, সব বিচার-বিশ্লেষণ করে এই মুহূর্ত থেকে কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে অনেক পাম্পে মজুত শেষ হওয়ায় কিছু সমস্যা হতে পারে। আজ মঙ্গলবার থেকে সব স্বাভাবিক হয়ে যাবে।