পেট্রলপাম্পের ছাদ ধসে দুই শ্রমিক নিহত
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী এলাকায় গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্মাণাধীন একটি পেট্রলপাম্পের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহত এবং অপর ছয়জন আহত হয়েছেন। আহত শ্রমিকদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক মাহবুবুল হক জানান, মাস খানেক আগে চারটি পিলার নির্মাণ করা হয়েছে। ছাদের বেশির ভাগ অংশের ঢালাই দেওয়া শেষ হয়েছে। গতকাল সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ পিলার ভেঙে পুরো ছাদ ধসে পড়ে। এতে আটজন শ্রমিক চাপা পড়েন। ছাদ ভেঙে পড়ার শব্দ শুনে এলাকার মানুষ ছুটে এসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই নির্মল চন্দ্র রায় (৩০) এবং শুধাংশু চন্দ্র রায় (২৫) প্রাণ হারান।আহত অন্য পাঁচজন হলেন হাবিবুর রহমান, মনোয়ার হোসেন, মনজুরুল হক, আজিজুর রহমান ও ছবি রায়।নির্মাণাধীন পেট্রলপাম্প মালিক রাহবার আহমেদ জানান, এটি একটি দুর্ঘটনা। হতাহত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও আহত শ্রমিকদের সুচিকিৎসাসহ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করা হবে।