পেট্রলবোমা মেরে সরকার বদলানো যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মো. মোখলেসুর রহমান বলেছেন, পেট্রলবোমা মেরে, সন্ত্রাস করে সরকার বদলানো যায় না। পুলিশ তা হতে দেবে না। গতকাল শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম’-এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এআইজিপি মোখলেসুর রহমান বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল নয়। পুলিশের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খল রক্ষা করা। দেশের মানুষের নিরাপত্তা ও সম্পদ রক্ষার স্বার্থে যা যা করা প্রয়োজন, পুলিশ সব পদক্ষেপই নেবে।
পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে মোখলেসুর রহমান আরও বলেন, ‘ওই সব দেশে সন্ত্রাস করে সরকার পরিবর্তন করতে পারেনি; বাংলাদেশেও সন্ত্রাস করে সরকার পরিবর্তনের নীলনকশা রুখে দেবে পুলিশ। যারা এ দেশের শান্তি চায় না, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, অ্যাডিশনাল ডিআইজি দিদার আহমেদ প্রমুখ।
সমাবেশে জেলার ৭৮টি ইউনিয়নের পুলিশিং ফোরামের কয়েক হাজার প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।