বাসে পেট্রলবোমা হামলাকারীরাই আশুরার রাতে বোমা মেরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে বাসে পেট্রলবোমা মেরে ঘুমন্ত মানুষকে হত্যায় জড়িত ব্যক্তিরাই আশুরার দিন বোমা মেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন। জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘আবারও আগুন নিয়ে নামছেন। আবারও বোমাবাজি করছেন। এটা তো পরিষ্কার, কারা এ সমস্ত হত্যাকাণ্ড করছে। ৯২ দিন যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই রাতে যারা কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে ঘুমন্ত মানুষকে হত্যা করল। তারাই ধর্মের কথা বলে পবিত্র আশুরার অনুষ্ঠানে বোমা মেরে মানুষ হত্যা করেছে।’

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্বব্যাংকের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, বিশ্বব্যাংক বলেছিল, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে দুর্নীতি হয়নি। এরপর বিশ্বব্যাংকের কান ধরে ওঠবস করা উচিত। শুধু বিশ্বব্যাংক নয়, যারাই বলছে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, তাদের সবাইকে কান ধরে ওঠবস করা উচিত।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশে আইএস নেই: জেল হত্যা দিবসের সমাবেশ সফল করতে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আরেকটি সমাবেশ হয়। সেখানে মাহবুব উল আলম হানিফ বলেন, সরকারকে ব্যর্থ করার জন্যই দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। দেশে কোনো জঙ্গি নেই।