পেট্রলবোমা হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পেট্রলবোমা হামলার জন্য দায়ী ব্যক্তিদের সুষ্ঠু বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই মন্তব্য করে।
বিজ্ঞপ্তিতে পুলিশের অভিযানে নিহত ব্যক্তিদের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানের বাংলাদেশ-বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, ‘পেট্রলবোমা হামলার মতো জঘন্য কাজকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কখনো কখনো একেবারেই সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। অবশ্যই এ ঘটনাগুলোর পুরোপুরি তদন্ত করে হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।’
আব্বাস ফয়েজ বলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন ছুরির আগায় অবস্থান করছে এবং চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সব রাজনৈতিক দলের নেতাদের দায়িত্ব হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করা। নেতাদের অবশ্যই দায়িত্ব নিয়ে এবং প্রকাশ্যে ঘোষণা দিতে হবে—তাঁদের সমর্থকেরা যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত না হন। তিনি বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে।
বিজ্ঞপ্তিতে পুলিশের অভিযানে সাম্প্রতিক মাসগুলোতে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন উল্লেখ করে বলা হয়, পুলিশ এগুলোকে এনকাউন্টার বললেও এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়।